শুক্রবার, আগস্ট ১৪, ২০২৬

বরিশালে শিক্ষার্থীদের দাবির মুখে থ্রি-হুইলারের ভাড়া বৃদ্ধি বাতিল, পূর্বের ভাড়াই বহাল থাকছে

মেহেরাব হোসেন রিফাত
বরিশাল সিটি এলাকায় চলাচলকারী থ্রি-হুইলারের যাত্রীদের জন্য পূর্বের ভাড়া বহাল রাখার সিদ্ধান্ত নিয়েছে বরিশাল সিটি কর্পোরেশন। ফলে সম্প্রতি ঘোষিত ভাড়া বৃদ্ধির সিদ্ধান্ত কার্যকর হচ্ছে না।
সোমবার (২৯ জুন) নগর ভবনের সভাকক্ষে অনুষ্ঠিত এক সমন্বয় সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় সভাপতিত্ব করেন বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন। সভায় মহানগরীর পরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা বজায় রাখতে কঠোর অবস্থানের কথা জানানো হয়। সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয়, যেসব থ্রি-হুইলারের লাইসেন্স নবায়ন করা হয়নি, সেগুলোর বিরুদ্ধে দ্রুত সম্মিলিত অভিযান পরিচালনা করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে যাত্রীদের স্বার্থ বিবেচনায় ভাড়ার হার অপরিবর্তিত রাখার পাশাপাশি সব থ্রি-হুইলারের বৈধ কাগজপত্র ও লাইসেন্স নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।
সভায় উপস্থিত ছিলেন বরিশাল বিভাগীয় কমিশনার খলিল আহমেদ, বিসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল বারী, বরিশাল জেলা প্রশাসক মো. খায়রুল আলম সুমন, সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. শেখ মো. তাজুল ইসলাম, বিসিসির প্রধান প্রকৌশলী মো. হুমায়ুন কবির, নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রায়হান উজ জামানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
এছাড়া সরকারি ব্রজমোহন (বিএম) কলেজসহ নগরীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী এবং থ্রি-হুইলার মালিক ও চালক সমিতির নেতৃবৃন্দ সভায় অংশ নেন।
উল্লেখ্য, গত রোববার (২৮ জুন) অতিরিক্ত ভাড়া আদায়ের প্রতিবাদে বিএম কলেজের শিক্ষার্থীরা কলেজ ক্যাম্পাসে প্রায় শতাধিক থ্রি-হুইলার আটকে বিক্ষোভ করেন। পরে কলেজ অধ্যক্ষের কার্যালয়ে কলেজ প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী, সিটি কর্পোরেশনের প্রতিনিধি ও শিক্ষার্থীদের মধ্যে তাৎক্ষণিক বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী নগর ভবনে সমন্বয় সভা আহ্বান করা হয় এবং সেখানে সর্বসম্মতিক্রমে ভাড়া বৃদ্ধি স্থগিত রেখে পূর্বের ভাড়া বহাল রাখার চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়। ভাড়া বৃদ্ধিকে কেন্দ্র করে ক্যাম্পাসে থ্রী-হুইলার আটকে রাখার ঘটনায় বিএম কলেজের দুই শিক্ষার্থী, জিয়াউর রহমান নাঈম ও লাবণ্য রহমান আহত হন।

আরো পড়ুন

পাঁচ মাসেই সরকার দেশ পরিচালনায় সম্পূর্ণ ব্যর্থ : এটিএম মাসুম

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ জামায়াতে ইসলামী বরিশাল অঞ্চলের উদ্যোগে দিনব্যাপী সম্ভাব্য সদস্য (রুকন) প্রার্থীদের শিক্ষাশিবির-২০২৬ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *