বুধবার, জুন ১০, ২০২৬

কেএমসি হাসপাতালে হামলা-ভাংচুরের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল নগরীর স্বনামধন্য কেএমসি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এক রোগীর মৃত্যুকে কেন্দ্র করে হাসপাতালটিতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় হাসপাতালের চিকিৎসক, নার্স, ওয়ার্ড বয় ও অন্যান্য স্টাফদের ওপর হামলা চালানো হয় এবং হাসপাতালের বিভিন্ন স্থাপনা ক্ষতিগ্রস্ত হয় বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

হাসপাতাল সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার বিকেল ৪টার দিকে স্ট্রোকে আক্রান্ত মনির খান নামে এক রোগীকে কেএমসি হাসপাতালে ভর্তি করা হয়। ভর্তি হওয়ার সময় তার শারীরিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন ছিল। কর্তব্যরত চিকিৎসকরা রোগীর অবস্থা বিবেচনায় তাকে শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল অথবা ঢাকায় উন্নত চিকিৎসার জন্য নেওয়ার পরামর্শ দেন।

তবে রোগীর স্বজনরা কেএমসি হাসপাতালেই চিকিৎসা চালিয়ে যাওয়ার আগ্রহ প্রকাশ করেন। চিকিৎসাধীন অবস্থায় রোগীর অবস্থার আরও অবনতি ঘটে এবং একপর্যায়ে তিনি মারা যান। হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, রোগীর চিকিৎসায় কোনো ধরনের অবহেলা ছিল না এবং সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে চিকিৎসাসেবা প্রদান করা হয়েছে।

কেএমসি হাসপাতাল কর্তৃপক্ষ অভিযোগ করে বলেছে, ঘটনাটিকে ভিন্ন খাতে প্রবাহিত করতে নগরীর দালাল নির্ভর নিউ মেডিনোভা ডায়াগনস্টিক সেন্টারের মালিক মিথুন মোল্লার নেতৃত্বে একদল সন্ত্রাসী হাসপাতালে হামলা চালায়।হামলাকারীরা চিকিৎসক, নার্স, ওয়ার্ড বয় ও অন্যান্য কর্মচারীদের মারধর করে এবং হাসপাতালের বিভিন্ন স্থাপনা ভাঙচুর করে।

এতে হাসপাতালের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবং কয়েকজন আহত হয়েছেন বলে দাবি করা হয়েছে। অন্যদিকে, নিহত মনির খানের স্বজনরা জানিয়েছেন, তিনি দ্বিতীয়বার স্ট্রোকে আক্রান্ত হওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় মারা যান। হাসপাতাল বা চিকিৎসকদের বিরুদ্ধে তাদের কোনো অভিযোগ নেই বলেও তারা উল্লেখ করেন।

এ বিষয়ে কেএমসি হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠালগ্ন থেকে সুনামের সঙ্গে চিকিৎসাসেবা দিয়ে আসছে। ভবিষ্যতেও রোগীদের সর্বোচ্চ মানের চিকিৎসাসেবা নিশ্চিত করতে তারা বদ্ধপরিকর। ঘটনার বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্ত ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন হাসপাতাল সংশ্লিষ্টরা।

আরো পড়ুন

অসহায় হাবিব-হালিমা দম্পতির জন্য নতুন ঘর নির্মাণে এগিয়ে এলো ‘পাশে দাঁড়াই’

মাহতাব হাওলাদার, মহিপুর প্রতিনিধি: মানবতার কল্যাণে আরও একটি মহৎ উদ্যোগের সূচনা করতে যাচ্ছে পটুয়াখালী জেলার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *