রাজাপুর (ঝালকাঠি) প্রতিনিধঃ
ঝালকাঠির রাজাপুর উপজেলার উত্তমপুর বাজার এলাকায় সৌদি প্রবাসী এক ব্যক্তির ভাড়া দেওয়া ব্যবসাপ্রতিষ্ঠান ভাঙচুরের অভিযোগ উঠেছে। শুক্রবার সরেজমিনে গিয়ে ভুক্তভোগী এ অভিযোগ করেন।
ভুক্তভোগী মো. বাদল হাওলাদার উত্তমপুর এলাকার মৃত আব্দুল মান্নান হাওলাদারের ছেলে। তার অভিযোগ, গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর একই এলাকার মৃত মোশারফ হাওলাদারের ছেলে মো. আল-আমিন বিএনপির প্রভাব খাটিয়ে তার ভাড়াটিয়া আব্দুর রহিমকে দোকান থেকে বের করে তালা লাগিয়ে দেন।
তিনি আরও জানান, গত বৃহস্পতিবার (১১ জুন) অভিযুক্ত ব্যক্তি দোকানের ভেতরে থাকা আসবাবপত্র ও চালা ভাঙচুর করেন। এ সময় বাধা দিতে গেলে তাকে খুন-জখমের হুমকি দেওয়া হয়। পরে তিনি রাজাপুর থানায় অভিযোগ করেন। বর্তমানে তিনি ও তার পরিবার নিরাপত্তাহীনতায় রয়েছেন বলে দাবি করেন।
অভিযোগের বিষয়ে মো. আল-আমিন বলেন, “ওই স্থান থেকে আমার জমি পাওয়ার কথা। বিগত আওয়ামী লীগ সরকারের সময় জমির কাছে যেতে পারিনি। এখন শালিসের মাধ্যমে সমাধানের চেষ্টা করেও তাদের সরাতে পারিনি। তাই আমি যে পরিমাণ জমি পাওয়ার কথা, সেই পরিমাণ দখল নিয়েছি।”
এ বিষয়ে রাজাপুর থানার এসআই মো. আরিফুর রহমান জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। উভয় পক্ষের মধ্যে বিষয়টি মীমাংসার চেষ্টা চলছে।
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।