বুধবার, জুন ১৭, ২০২৬

এক দশকে বরিশালে অর্থনৈতিক ইউনিট বেড়েছে ৭৮ শতাংশ

নিজস্ব প্রতিবেদক : বরিশাল বিভাগে গত এক দশকে অর্থনৈতিক কর্মকাণ্ডে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি ঘটেছে। ‘অর্থনৈতিক শুমারি ২০২৪’-এর ন্যাশনাল রিপোর্ট অনুযায়ী, বিভাগে অর্থনৈতিক ইউনিটের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬ লাখ ৫৬ হাজার ৯৪৪টিতে, যা ২০১৩ সালের তুলনায় প্রায় ৭৮ দশমিক ৪৫ শতাংশ বেশি।

বুধবার (১৭ জুন) সকাল ৯টায় বরিশাল সার্কিট হাউজের সম্মেলন কক্ষে বিভাগীয় প্রশাসন ও পরিসংখ্যান অফিসের আয়োজনে অনুষ্ঠিত ‘অর্থনৈতিক শুমারি ২০২৪’ এর ন্যাশনাল রিপোর্ট বিষয়ক সেমিনারে এ তথ্য তুলে ধরা হয়। সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে বিভাগীয় কমিশনার খলিল আহমেদ বলেন, “নির্ভুল ও মানসম্মত পরিসংখ্যান একটি দেশের উন্নয়ন পরিকল্পনার ভিত্তি।

তথ্য সংগ্রহে সামান্য গাফিলতিও জাতীয় পর্যায়ে বড় ধরনের প্রভাব ফেলতে পারে। কারণ সরকার উন্নয়ন পরিকল্পনা, নীতি নির্ধারণ ও বিভিন্ন প্রকল্প বাস্তবায়নে পরিসংখ্যানের তথ্য ব্যবহার করে থাকে।” তিনি আরও বলেন, গবেষক, পরিকল্পনাবিদ এবং নীতিনির্ধারকদের জন্য সঠিক তথ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই অর্থনৈতিক শুমারির তথ্য সংগ্রহ ও প্রক্রিয়াকরণে শতভাগ নির্ভুলতা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে।

বরিশাল জেলা প্রশাসক মো. খায়রুল আলম সুমনের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে জেলা পরিসংখ্যান অফিসের উপপরিচালক মো. আতিকুর রহমান সঞ্চালনা করেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের যুগ্ম সচিব সালমা পারভীন, বরিশাল রেঞ্জের ডিআইজি মো. মোস্তাফিজুর রহমান এবং বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার সুশান্ত সরকার।

সেমিনারে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ব্যবসায়ী প্রতিনিধি, শিক্ষাবিদ এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। উপস্থাপিত প্রতিবেদনে জানানো হয়, বরিশাল বিভাগের মোট ৬ লাখ ৫৬ হাজার ৯৪৪টি অর্থনৈতিক ইউনিটের মধ্যে স্থায়ী ইউনিট রয়েছে ৩ লাখ ৬৬ হাজার ৯৩৮টি, অস্থায়ী ইউনিট ১৯ হাজার ৯৪৬টি এবং অর্থনৈতিক খানা রয়েছে ২ লাখ ৭০ হাজার ৬০টি।

প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ২০১৩ সালের অর্থনৈতিক শুমারিতে বরিশাল বিভাগে অর্থনৈতিক ইউনিটের সংখ্যা ছিল ৩ লাখ ৬৮ হাজার ১২৯টি। এক দশকের ব্যবধানে প্রায় ২ লাখ ৮৯ হাজার নতুন অর্থনৈতিক ইউনিট যুক্ত হওয়ায় বিভাগের অর্থনৈতিক কার্যক্রমের ব্যাপক সম্প্রসারণের চিত্র ফুটে উঠেছে।

সংশ্লিষ্টরা মনে করছেন, কৃষি, ক্ষুদ্র ও মাঝারি শিল্প, সেবা খাত, পরিবহন, তথ্যপ্রযুক্তি এবং ব্যবসা-বাণিজ্যের সম্প্রসারণের ফলে বরিশাল বিভাগে অর্থনৈতিক ইউনিটের সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। অর্থনৈতিক শুমারির এই তথ্য ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা ও বিনিয়োগ সম্ভাবনা নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আরো পড়ুন

বিএনপি নেতা ওয়াহিদুজ্জামান ওয়াহিদের জানাজায় মানুষের ঢল

ফরিদ আহমেদ, নেছারাবাদ : পিরোজপুরের নেছারাবাদ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *