বৃহস্পতিবার, জুন ১৮, ২০২৬

নারীকে মারধরের অভিযোগে বিএনপি নেতা পরিচয়দানকারী কবির মৃধার বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদকঃ
বরিশাল সদর উপজেলার চড়বাড়িয়া ইউনিয়নের লামচড়ি বাজার এলাকায় এক নারীকে মারধর ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুরের অভিযোগে বিএনপি নেতা পরিচয়দানকারী কবির মৃধার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। ভুক্তভোগী নারীর পিতা ফরিদ গোলদার বাদী হয়ে গতকাল কাউনিয়া থানায় মামলাটি করেন। মামলার নম্বর ১৩৪/২০২৬।
মামলার অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৪ জুন বিকেলে চড়বাড়িয়া ইউনিয়নের লামচড়ি বাজারে ফরিদ গোলদারের মালিকানাধীন একটি রাইস মিলে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে, কবির মৃধা নিজেকে বিএনপির নেতা পরিচয় দিয়ে কয়েকজন সহযোগীকে সঙ্গে নিয়ে ওই হামলা চালান।
অভিযোগে বলা হয়, হামলার সময় ফরিদ গোলদারের মেয়ে সনিয়া রহমান বাধা দিতে গেলে তাকে মারধর করা হয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে থানায় অভিযোগ করা হয়েছিল।
ব্যবসায়ী ও রাইস মিল মালিক ফরিদ গোলদার বলেন, দীর্ঘদিন ধরে আমি লামচড়ি বাজারে ব্যবসা পরিচালনা করে আসছি। সম্প্রতি প্রতিষ্ঠানের সংস্কার কাজ শুরু করলে কবির মৃধা বাধা দেন। পরে তিনি লোকজন নিয়ে এসে হামলা ও ভাঙচুর চালান। আমার মেয়ে সনিয়া রহমান বাধা দিলে তাকে পিটিয়ে রক্তাক্ত জখম করা হয়। সেই সময় আমাকে এলাকা ছাড়ারও হুমকি দেওয়া হয়।
তিনি আরও অভিযোগ করেন, কবির মৃধাকে কোনো ধরনের আর্থিক সুবিধা না দেওয়ায় তিনি ক্ষুব্ধ হয়ে এ ঘটনা ঘটিয়েছেন বলে আমার ধারণা।
ভুক্তভোগী পরিবারের দাবি, ঘটনার সময় জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করা হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেয়।
তবে অভিযোগ অস্বীকার করেছেন কবির মৃধা। তিনি বলেন, রাস্তার ওপর ঘর নির্মাণের চেষ্টা করা হচ্ছিল। আমি শুধু এতে বাধা দিয়েছি। হামলা বা মারধরের কোনো ঘটনা ঘটেনি।
এদিকে স্থানীয় সূত্রে জানা গেছে, কবির মৃধা মেহেন্দিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গাড়িচালক হিসেবে কর্মরত ছিলেন। অবসরে যাওয়ার পর তিনি এলাকায় বিভিন্ন কর্মকাণ্ডে জড়িত হয়ে আলোচনায় আসেন বলে অভিযোগ রয়েছে।
ঘটনার বিষয়ে কাউনিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) শাওন বলেন, ৯৯৯-এর কল পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়েছিলাম। এ ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ছবিঃ আহত সোনিয়া বেগম, অভিযুক্ত বিএনপি পরিচয় দানকারী নেতা কবির মৃধা।

আরো পড়ুন

হাতেম আলী কলেজ ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি

ফজলে রাব্বি,  পরিবেশ সংরক্ষণ, সবুজায়ন বৃদ্ধি এবং শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা সৃষ্টির লক্ষ্যে সরকারি সৈয়দ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *