মঙ্গলবার, সেপ্টেম্বর ২৯, ২০২৬

ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচির অংশ হিসেবে মহিপুর কো-অপারেটিভ মাধ্যমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ

মাহতাব হাওলাদার, মহিপুর প্রতিনিধি:
পরিবেশ সংরক্ষণ, শিক্ষার্থীদের মাঝে পরিবেশ সচেতনতা বৃদ্ধি এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলার লক্ষ্যে সারাদেশে বাস্তবায়িত হচ্ছে ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচি। এ কর্মসূচির আওতায় দেশের প্রতিটি শিক্ষার্থীকে নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান অথবা বাড়ির আঙিনায় অন্তত একটি করে গাছ রোপণের জন্য উদ্বুদ্ধ ও নির্দেশনা প্রদান করা হয়েছে।
এরই ধারাবাহিকতায় ২৯ জুন ২০২৬ তারিখে মাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষাপ্রতিষ্ঠানে একযোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়।
এর অংশ হিসেবে পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মহিপুর কো-অপারেটিভ মাধ্যমিক বিদ্যালয়ে উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, পরিচালনা পর্ষদের সদস্য ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করেন।
অনুষ্ঠানে বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি মো. মিজানুর রহমান হাওলাদার বলেন, “আজকের একটি গাছ আগামী দিনের সুস্থ ও নিরাপদ পরিবেশের নিশ্চয়তা। শিক্ষার্থীদের ছোটবেলা থেকেই বৃক্ষরোপণ ও পরিবেশ সংরক্ষণের অভ্যাস গড়ে তুলতে হবে।”
প্রধান শিক্ষক শ্রী বাণীকান্ত শিকদার বলেন, “‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচি শুধু একটি বৃক্ষরোপণ কার্যক্রম নয়, এটি শিক্ষার্থীদের মধ্যে পরিবেশের প্রতি দায়িত্ববোধ সৃষ্টি করার একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। প্রতিটি শিক্ষার্থী যেন একটি গাছ রোপণ করে তার পরিচর্যা করে, সেটিই আমাদের প্রত্যাশা।”
সহকারী শিক্ষক মো. নাসির উদ্দিন বলেন, “পরিবেশের ভারসাম্য রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণের বিকল্প নেই। শিক্ষার্থীদের এ ধরনের কর্মসূচিতে সম্পৃক্ত করা অত্যন্ত সময়োপযোগী উদ্যোগ।”
দশম শ্রেণির শিক্ষার্থী মোসম্মৎ সাবিহা আক্তার বলেন, “আমরা শুধু একটি গাছ লাগিয়েই থেমে থাকব না, বরং গাছটির নিয়মিত পরিচর্যা করব। ভবিষ্যৎ প্রজন্মের জন্য সবুজ পৃথিবী গড়ে তোলার দায়িত্ব আমাদের সবার।”
অষ্টম শ্রেণির শিক্ষার্থী মো. আব্দুল্লাহ আল নোমান বলেন, “এই কর্মসূচিতে অংশ নিতে পেরে আমরা আনন্দিত। আমরা সবাই যদি অন্তত একটি করে গাছ লাগাই, তাহলে আমাদের বিদ্যালয় ও আশপাশের পরিবেশ আরও সুন্দর ও সবুজ হয়ে উঠবে।”
অনুষ্ঠানে বক্তারা বলেন, একটি গাছ শুধু পরিবেশের ভারসাম্য রক্ষা করে না, বরং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ ও বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই প্রতিটি শিক্ষার্থীর অন্তত একটি করে গাছ রোপণ এবং তার পরিচর্যার অভ্যাস গড়ে তোলা সময়ের দাবি।
বিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, শিক্ষার্থীদের পরিবেশবান্ধব মানসিকতা গড়ে তোলা এবং সবুজ বাংলাদেশ বিনির্মাণে এ ধরনের কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ভবিষ্যতেও বিদ্যালয়ে নিয়মিত বৃক্ষরোপণ ও পরিবেশ সংরক্ষণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

আরো পড়ুন

বরিশাল সিটি করপোরেশনের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক : স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪-এর ধারা ২৫(ক)(২) অনুযায়ী সরকার কর্তৃক …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *