সোমবার, জুন ২৯, ২০২৬

কুয়াকাটায় শিক্ষার্থীদের পরিবেশ সচেতনতা গড়ে তুলতে প্লাস্টিক ও পলিথিনবিরোধী বক্তৃতা প্রতিযোগিতা অনুষ্ঠিত

মাহতাব হাওলাদার, মহিপুর প্রতিনিধি:
পটুয়াখালীর কুয়াকাটায় শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা বৃদ্ধি এবং প্লাস্টিক ও পলিথিন দূষণের ভয়াবহতা সম্পর্কে জনসচেতনতা তৈরির লক্ষ্যে ‘প্লাস্টিক ও পলিথিনের প্রভাব : আমাদের করণীয়’ শীর্ষক বক্তৃতা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকাল সাড়ে ১০টায় কুয়াকাটা মাধ্যমিক বিদ্যালয়ের মিলনায়তনে আয়োজিত এ প্রতিযোগিতায় বিদ্যালয়ের ১০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। পরিবেশ রক্ষায় সচেতনতা, যুক্তি ও তথ্যভিত্তিক উপস্থাপনার মাধ্যমে শিক্ষার্থীরা প্লাস্টিক দূষণের ক্ষতিকর দিক এবং তা প্রতিরোধে করণীয় তুলে ধরে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুয়াকাটা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. খলিলুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুয়াকাটা প্রেসক্লাবের সভাপতি রুমান ইমতিয়াজ তুষার, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি জহিরুল ইসলাম মিরন, শিক্ষক মাওলানা মাঈনুল ইসলাম মান্নান, ধরিত্রী রক্ষায় আমরা (ধরা)-এর কলাপাড়া সমন্বয়ক মেজবাহউদ্দিন মান্নু গণমাধ্যমকর্মী রেদওয়ানুল ইসলাম, আমরা কলাপাড়াবাসী সংগঠনের সাবেক সভাপতি নজরুল ইসলাম, উপকূলীয় পরিবেশ রক্ষা আন্দোলন-এর সভাপতি কেএম বাচ্চু এবং পরিবেশ সংগঠক সাইফুল্লাহ মাহমুদ প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শিক্ষক মো. নিজাম উদ্দিন।
ধরিত্রী রক্ষায় আমরা (ধরা), স্বেচ্ছাসেবী সংগঠন আমরা কলাপাড়াবাসী, পরিবেশ বাঁচাও আন্দোলন কলাপাড়া এবং কুয়াকাটা মাধ্যমিক বিদ্যালয়ের যৌথ আয়োজনে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ১০ জন শিক্ষার্থীকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। পাশাপাশি প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী শিক্ষার্থীদের বিশেষ সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, প্লাস্টিক ও পলিথিনের অনিয়ন্ত্রিত ব্যবহার পরিবেশ, জীববৈচিত্র্য এবং মানবস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি হয়ে দাঁড়িয়েছে। এসব বর্জ্য থেকে সৃষ্ট মাইক্রোপ্লাস্টিক মাছ, মাংসসহ বিভিন্ন খাদ্যচক্রে প্রবেশ করে মানবদেহে ছড়িয়ে পড়ছে, যা ক্যান্সারসহ নানা জটিল রোগের ঝুঁকি বাড়াচ্ছে।
তারা আরও বলেন, ২০০২ সালে দেশে পলিথিন নিষিদ্ধে আইন প্রণয়ন হলেও তার কার্যকর বাস্তবায়ন এখনো নিশ্চিত হয়নি। পরিবেশ রক্ষায় শুধু আইন করলেই হবে না, বরং ব্যক্তি, পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান এবং সমাজের সকল স্তরের মানুষের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।
বক্তারা নতুন প্রজন্মকে প্লাস্টিক ও পলিথিনের ব্যবহার কমিয়ে পরিবেশবান্ধব বিকল্প ব্যবহারে এগিয়ে আসার আহ্বান জানান। একই সঙ্গে পরিচ্ছন্ন, স্বাস্থ্যকর ও পলিথিনমুক্ত কুয়াকাটা গড়ে তুলতে সবাইকে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

আরো পড়ুন

লালমোহনে একটি সেতু জনদুর্ভোগের হেতু: প্রয়োজনে ভেঙ্গে নতুন করে গড়ার দাবী

শাহীন কামাল  লালমোহন ডাকবাংলো সংলগ্ন সেতুটি বর্তমানে জন দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। থানা সদরের সাথে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *