বুলবুল আহমেদ, রাজাপুর (ঝালকাঠি) প্রতিনিধি:
ঝালকাঠি-১ আসনের সংসদ সদস্য মো. রফিকুল ইসলাম জামাল বলেছেন, “কল্যাণকর রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যেই ৩০ জুন জাতীয় বাজেট পাস হয়েছে। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের মানুষের যে আশা-আকাঙ্ক্ষা ছিল, এবারের বাজেটে তার প্রতিফলন ঘটেছে।”
বুধবার বিকেলে ঝালকাঠির রাজাপুর উপজেলা উপজেলার বড়ইয়া এলাকায় বিষখালী নদীর ভাঙন রোধে জিও ব্যাগ ফেলে কার্যক্রম উদ্বোধন এবং ভাঙনকবলিত এলাকা পরিদর্শন শেষে সন্ধ্যায় এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এমপি জামাল বলেন, “বাংলাদেশের মানুষের আশা-আকাঙ্ক্ষা নিয়ে ১৯৭১ সালে যে মুক্তিযুদ্ধ হয়েছিল, তার প্রতিফলন আমরা এবারের বাজেটে দেখতে পাচ্ছি। স্বাস্থ্য খাতে বাজেট বৃদ্ধি করে দেশের সব উপজেলার ৫০ শয্যার হাসপাতালকে ১০০ শয্যায় উন্নীত করার উদ্যোগ নেওয়া হয়েছে।”
তিনি আরও বলেন, “নদী ভাঙন রোধে কার্যকর উদ্যোগ গ্রহণে সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে। স্থানীয় মানুষের দুর্ভোগ কমাতে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।”
বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড ঝালকাঠির আয়োজনে এমপির নিজ বাড়ির আঙিনায় অনুষ্ঠিত ‘নদী ভাঙন রোধে করণীয়’ শীর্ষক আলোচনা সভায় জেলা পানি উন্নয়ন বোর্ডের উপ-পরিচালক নিলয় পাশা সভাপতিত্ব করেন।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. মমিন উদ্দিন, মো. মামুন আল ইসলাম, রিফাত আরা মৌরি এবং মো. মকবুল হোসেন। এছাড়া স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবার ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।