আবু জিহাদ আমতলী (বরগুনা) প্রতিনিধি:
বরগুনার আমতলীতে ভুয়া চিকিৎসা সংক্রান্ত কাগজপত্র দাখিল করে আদালত থেকে জামিন নেওয়ার চেষ্টা করায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দুই কর্মচারীসহ তিনজনকে পাঁচ দিনের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।
সংক্ষিপ্ত বিচার (সামারি ট্রায়াল) শেষে বুধবার (১ জুলাই) এ আদেশ দেন আমতলী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক ইফতি হাসান ইমরান।
আদালত সূত্রে জানা যায়, জি.আর. নং ৪/২০২৬ (তাল) মামলার এক নম্বর আসামি মো. হারুন খান স্বেচ্ছায় আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন।
তিনি দাবি করেন, অভিযোগের ঘটনার আগের দিন তিনি আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়ে তিন দিন চিকিৎসাধীন ছিলেন। এ দাবির সমর্থনে তিনি হাসপাতালের একটি চিকিৎসা ছাড়পত্র আদালতে দাখিল করেন।
তবে দাখিল করা ছাড়পত্রটির সত্যতা নিয়ে আদালতের সন্দেহ সৃষ্টি হলে বিচারক তাৎক্ষণিকভাবে হাসপাতালের সংশ্লিষ্ট রেজিস্টার তলব করেন। রেজিস্টার পর্যালোচনায় ছাড়পত্রের ক্রমিক নম্বরসহ বিভিন্ন তথ্যে অসঙ্গতি ধরা পড়ে। এরপর আদালত বিষয়টি নিয়ে আরও তদন্তমূলক জিজ্ঞাসাবাদ শুরু করেন।
জিজ্ঞাসাবাদের একপর্যায়ে মো. হারুন খানের স্ত্রী তাসলিমা স্বীকার করেন, আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইমার্জেন্সি এটেনডেন্ট নজরুল ইসলাম পহলান এবং একই হাসপাতালের অবৈতনিক সহকারী মো. নূরুল হক টাকার বিনিময়ে ওই চিকিৎসা ছাড়পত্র তৈরি করে দেন।
পরবর্তীতে আদালতে তলব করা হলে নজরুল ইসলাম পহলান ও মো. নূরুল হকও জিজ্ঞাসাবাদে স্বীকার করেন যে, মো. হারুন খানের নামে দাখিল করা চিকিৎসা ছাড়পত্রটি হাসপাতালের প্রকৃত নথি নয়; এটি তাদের মাধ্যমে জালিয়াতির মাধ্যমে তৈরি করা হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত হওয়ার পর বিচারক তাৎক্ষণিকভাবে সামারি ট্রায়াল পরিচালনা করে তাসলিমা, নজরুল ইসলাম পহলান এবং মো. নূরুল হককে পাঁচ দিনের সশ্রম কারাদণ্ড প্রদান করেন।
আমতলী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বেঞ্চ সহকারী মো. আবু বকর সিদ্দিক আদালতের এ আদেশের সত্যতা নিশ্চিত করেছেন।
স্থানীয় আইনজীবী ও সচেতন মহলের মতে, আদালতে জাল বা ভুয়া নথি দাখিল করে বিচার প্রক্রিয়াকে প্রভাবিত করার চেষ্টা একটি গুরুতর অপরাধ।
বিচারকের তাৎক্ষণিক পদক্ষেপ বিচার বিভাগের স্বচ্ছতা ও আইনের শাসন প্রতিষ্ঠায় ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করেছে। একই সঙ্গে সরকারি নথি জালিয়াতি ও আদালতকে বিভ্রান্ত করার মতো অপরাধের বিরুদ্ধে এটি একটি কঠোর বার্তা হিসেবে বিবেচিত হচ্ছে।
এ ঘটনায় এলাকায় ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দাদের মতে, সরকারি প্রতিষ্ঠানের নথি জালিয়াতির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে এমন দ্রুত বিচার ভবিষ্যতে এ ধরনের অপরাধ প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখবে এবং জনগণের বিচার ব্যবস্থার প্রতি আস্থা আরও সুদৃঢ় করবে।
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।