মঙ্গলবার, আগস্ট ১৮, ২০২৬

আমতলীতে হলদিয়া হাট ব্রিজ পুনঃসংস্কার সম্পন্ন, স্বস্তি ফিরেছে এলাকাবাসীর মাঝে

আবু জিহাদ আমতলী (বরগুনা) প্রতিনিধি :
 বরগুনার আমতলী উপজেলার গুরুত্বপূর্ণ হলদিয়া হাট ব্রিজের পুনঃসংস্কার কাজ সম্পন্ন হওয়ায় দীর্ঘদিনের দুর্ভোগ থেকে মুক্তি পেয়েছেন স্থানীয় বাসিন্দারা।
সংস্কার শেষে ব্রিজটি পুনরায় চলাচলের জন্য উন্মুক্ত হওয়ায় শিক্ষার্থী, কৃষক, ব্যবসায়ীসহ হাজারো মানুষ এখন নিরাপদে যাতায়াত করতে পারছেন। স্থানীয়দের দাবি, এ উদ্যোগে এলাকার যোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক হয়েছে এবং জনদুর্ভোগ অনেকাংশে কমেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, আমতলী উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মকবুল খানের উদ্যোগে ব্রিজটির সংস্কার কাজ বাস্তবায়ন করা হয়। দীর্ঘদিন ধরে ব্রিজটির বেহাল অবস্থার কারণে স্থানীয় মানুষকে চরম ভোগান্তি পোহাতে হচ্ছিল। সংস্কার সম্পন্ন হওয়ায় এলাকাজুড়ে স্বস্তির পরিবেশ বিরাজ করছে।
উল্লেখ্য, ২০২৪ সালের ২২ জুন হলদিয়া হাট ব্রিজটি ধসে একটি মাইক্রোবাস খালে পড়ে যায়। মর্মান্তিক ওই দুর্ঘটনায় ৯ জনের প্রাণহানি ঘটে। এ ঘটনায় সারা দেশে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয় এবং শোকের ছায়া নেমে আসে।
 দুর্ঘটনার পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উদ্যোগে মানুষের চলাচল স্বাভাবিক রাখতে একটি অস্থায়ী কাঠের সেতু নির্মাণ করা হয়।
কিন্তু সময়ের ব্যবধানে অস্থায়ী কাঠের সেতুটিও ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে। এতে প্রতিদিন ঝুঁকি নিয়ে পারাপার করতে হতো স্থানীয় বাসিন্দাদের। বিশেষ করে শিক্ষার্থী, নারী, বৃদ্ধ এবং কৃষিপণ্য বহনকারী যানবাহনের চলাচলে ব্যাপক সমস্যার সৃষ্টি হয়।
বিষয়টি বিবেচনায় নিয়ে এলাকাবাসীর দুর্ভোগ লাঘব এবং নিরাপদ যোগাযোগ নিশ্চিত করতে মকবুল খান ব্রিজটির পুনঃসংস্কারের উদ্যোগ নেন।
সম্প্রতি সংস্কার কাজ শেষ হওয়ার পর স্থানীয়রা সন্তোষ প্রকাশ করেছেন।
 তারা জানান, ব্রিজটি পুনরায় ব্যবহার উপযোগী হওয়ায় বাজার, শিক্ষা প্রতিষ্ঠান, স্বাস্থ্যসেবা কেন্দ্র এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে যাতায়াত এখন অনেক সহজ হয়েছে। এতে স্থানীয় অর্থনৈতিক কর্মকাণ্ডও গতিশীল হবে বলে তারা আশা করছেন।
এলাকাবাসী বলেন, একটি নিরাপদ যোগাযোগ ব্যবস্থা মানুষের মৌলিক প্রয়োজনের অন্যতম অংশ। হলদিয়া হাট ব্রিজের সংস্কার তাদের দীর্ঘদিনের ভোগান্তি কমিয়েছে। তবে ভবিষ্যতে যাতে এ ধরনের দুর্ঘটনার পুনরাবৃত্তি না ঘটে, সে জন্য দ্রুত একটি স্থায়ী, আধুনিক ও টেকসই সেতু নির্মাণে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি জানান তারা।
স্থানীয়দের প্রত্যাশা, স্থায়ী সেতু নির্মিত হলে শুধু হলদিয়া হাট এলাকার নয়, আশপাশের কয়েকটি ইউনিয়নের মানুষের যোগাযোগ ব্যবস্থা আরও সহজ, নিরাপদ ও টেকসই হবে এবং এ অঞ্চলের আর্থ-সামাজিক উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আরো পড়ুন

মৌসুমি নিম্নচাপে উপকূলে মুষলধারে বৃষ্টি, পায়রা বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

মাহতাব হাওলাদার, মহিপুর প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়া উপকূলে মৌসুমি নিম্নচাপের প্রভাবে মুষলধারে বৃষ্টি শুরু হয়েছে। সোমবার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *