মেহেরাব হোসেন রিফাত:
সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের সমাজকর্ম বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের মাস্টার্স শেষ বর্ষের শিক্ষার্থীদের উদ্যোগে সমাবর্তনের আদলে শিক্ষা সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৭ জুলাই) সকাল ১১টায় সমাজকর্ম বিভাগের পাশে বাকসু ভবনের সামনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিদায়ী শিক্ষার্থীরা কালো গাউন ও সমাবর্তনের টুপি পরে শিক্ষক শিক্ষার্থীদের সঙ্গে স্মৃতিবিজড়িত মুহূর্ত ক্যামেরাবন্দি করেন। কলেজের অধ্যক্ষ, উপাধ্যক্ষ এবং সমাজকর্ম বিভাগের শিক্ষকদের সঙ্গে ফটোসেশনের মাধ্যমে নিজেদের শিক্ষাজীবনের শেষ অধ্যায়কে স্মরণীয় করে রাখেন তারা।
সমাজকর্ম বিভাগের শিক্ষার্থী আকাশ বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ে দীর্ঘদিন ধরে সমাবর্তনের আয়োজন না হওয়ায় আমরা নিজেরাই এই অনুষ্ঠানের উদ্যোগ নিয়েছি। নিজেদের প্রচেষ্টায় এমন একটি আয়োজন করতে পেরে আমরা খুবই আনন্দিত। তবে আজ বিদায়ের দিন হওয়ায় আনন্দের পাশাপাশি কিছুটা আবেগও কাজ করছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমাজকর্ম বিভাগের বিভাগীয় প্রধান ড মো. জাহাঙ্গীর কবির। জাতীয় বিশ্ববিদ্যালয় বা কলেজ প্রশাসনের উদ্যোগে ভবিষ্যতে এমন আয়োজনের সম্ভাবনা সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, এটি মূলত জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিষয়। তবে তারা যদি প্রতি বছর বিভিন্ন কলেজে পর্যায়ক্রমে সমাবর্তনের আয়োজন করে, তাহলে শিক্ষার্থীদের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হবে এবং তারা অনেক আনন্দিত হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি বিএম কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. শেখ তাজুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন কলেজের উপাধ্যক্ষ প্রফেসর আবু তাহের রাশেদুল ইসলাম। এছাড়াও সমাজকর্ম বিভাগের শিক্ষক শিক্ষার্থী ও আমন্ত্রিত অতিথিরা অনুষ্ঠানে অংশ নেন। নিজস্ব উদ্যোগে আয়োজিত এই শিক্ষা সমাপনী অনুষ্ঠান বিদায়ী শিক্ষার্থীদের জন্য যেমন আনন্দ ও আবেগের উপলক্ষ হয়ে উঠেছে, তেমনি জাতীয় বিশ্ববিদ্যালয়ে নিয়মিত সমাবর্তনের দাবিও নতুন করে সামনে নিয়ে এসেছে।
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।