রিয়াজ ফরাজী
ভোলার বোরহানউদ্দিন উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে তিনটি গাঁজা গাছ উদ্ধার করেছে থানা পুলিশ। এ সময় গাঁজা গাছ সংরক্ষণ ও চাষের অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
শনিবার (২৫ জুলাই) দুপুর আড়াইটার দিকে বোরহানউদ্দিন থানাধীন টবগী ইউনিয়নের মুলাইপত্তন গ্রামের ৮ নম্বর ওয়ার্ডে এ অভিযান পরিচালিত হয়।
পুলিশ জানায়, ভোলা জেলার পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওছার, পিপিএম (বার)-এর সার্বিক দিকনির্দেশনা এবং বোরহানউদ্দিন থানার অফিসার ইনচার্জ ওসি মো. মনিরুজ্জামান এর নেতৃত্বে উপজেলার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। এরই অংশ হিসেবে এসআই (নিরস্ত্র) হুসাইন মো. জুয়েল শেখ সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন।
অভিযানকালে টবগী ইউনিয়নের মুলাইপত্তন গ্রামের ৮ নম্বর ওয়ার্ডে অংকন দে (২৯)-এর বসতঘরের বাথরুমের ছাদ থেকে তিনটি কথিত গাঁজা গাছ উদ্ধার করা হয়। পরে ঘটনাস্থল থেকেই তাকে গ্রেপ্তার করা হয় এবং উদ্ধারকৃত গাঁজা গাছ জব্দ করা হয়।
গ্রেপ্তার হওয়া অংকন দে (২৯) মৃত নিরঞ্জন দে (তপন)-এর ছেলে। তিনি টবগী ইউনিয়নের মুলাইপত্তন গ্রামের ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।
বোরহানউদ্দিন থানার অফিসার ইনচার্জ (ওসি)মো. মনিরুজ্জামান জানান, গ্রেপ্তারকৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। পাশাপাশি মাদক নির্মূলে পুলিশের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।