চরফ্যাশন প্রতিনিধি: ‘রূপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ভোলার চরফ্যাশনে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ পালিত হয়েছে। উপকূলীয় এ উপজেলায় মৎস্য সম্পদের উৎপাদন বৃদ্ধি ও আধুনিক চাষপদ্ধতি সম্প্রসারণের লক্ষ্যে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তর যৌথভাবে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করে।
রবিবার সকালে দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভায় মিলিত হয়।
চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুমানা আফরোজের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা জয়ন্ত কুমার অপু।
আলোচনা সভায় বক্তারা বলেন, উপকূলীয় অর্থনীতিকে গতিশীল রাখা এবং জাতীয় প্রোটিনের চাহিদা পূরণে মৎস্য খাতের অবদান অপরিসীম। চরাঞ্চলের খামারিদের আধুনিক ও পরিবেশবান্ধব প্রযুক্তিতে মাছ চাষে উদ্বুদ্ধ করার পাশাপাশি মৎস্য সম্পদ রক্ষায় প্রশাসনের নজরদারি ও সহযোগিতা অব্যাহত থাকবে।
সভা শেষে মৎস্য খাতে বিশেষ অবদানের জন্য উপজেলার ৩ জন সফল খামারি ও উদ্যোক্তাকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। এতে মেরিকালচারে বিশেষ সাফল্যের জন্য হাজারীগঞ্জ ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের আলহাজ্ব মো. মহসিনের ছেলে আবদুল মোতালেব, কার্পমিশ্র চাষে অবদানের জন্য জিন্নাগড় ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের আবদুল রবের ছেলে এস এম রাশেদ এবং সফল মৎস্য উদ্যোক্তা হিসেবে নূরাবাদ ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মো. মোস্তফার ছেলে মো. রাকিব হোসেনের হাতে এই সম্মাননা তুলে দেন অতিথিরা।
কর্মসূচিতে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় গণমাধ্যমকর্মী এবং এলাকার মৎস্য চাষিরা অংশ নেন।
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।