মইনুল আবেদিন খান, বরগুনা প্রতিনিধি:
বরগুনার আমতলী সরকারি এ কে মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র জাবেদ ইমন (১৫) হত্যার বিচার ও হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনের দাবিতে ঢাকা কুয়াকাটা মহাসড়ক অবরোধ করেছেন এলাকাবাসী ও বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা। এতে মহাসড়কে যানজটের সৃষ্টি হয়।
রোববার (১৬ আগস্ট) বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত আমতলী পৌর শহরের চৌরাস্তায় মহাসড়ক অবরোধ করেন তারা। এ সময় তারা ২৪ ঘন্টার আলটিমেটাম দিয়ে ইমন হত্যার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
নিহত জাবেদ ইমন আমতলী উপজেলার আরপাঙ্গাশিয়া ইউনিয়নের পূর্ব আরপাঙ্গাশিয়া গ্রামের আউয়াল প্যাদার ছেলে। সে আমতলী সরকারি এ কে মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ছিল।
উল্লেখ্য, গত ২৯ জুলাই আরপাঙ্গাশিয়া ইউনিয়নের পশুরবুনিয়া স্লুইজ গেট এলাকা থেকে বস্তাবন্দি অবস্থায় ইমনের মরদেহ উদ্ধার করে পুলিশ। উদ্ধারের সময় মরদেহের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। পরে আমতলী থানা পুলিশের প্রচেষ্টায় নিহতের পরিচয় শনাক্ত হয়।
ইমনের পরিচয় নিশ্চিত হওয়ার খবর ছড়িয়ে পড়লে তার পরিবার, স্বজন, সহপাঠী ও শিক্ষকদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। মাত্র ১৫ বছর বয়সী এক স্কুলছাত্রের এমন মর্মান্তিক মৃত্যুতে এলাকায়ও শোক ও উদ্বেগের সৃষ্টি হয়েছে।
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।