ফরিদ আহমেদ, নেছারাবাদ প্রতিনিধি : পিরোজপুরের নেছারাবাদ উপজেলার স্বরূপকাঠী প্রেসক্লাবের প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশিক আহম্মেদ এর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টায় নেছারাবাদ উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় নবাগত ইউএনও নেছারাবাদকে একটি মডেল উপজেলায় রূপান্তরিত করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।
নবাগত ইউএনও আশিক আহম্মেদ বলেন, “গণমাধ্যম সমাজের দর্পণ বা আয়না। জনগণের সমস্যা ও প্রত্যাশা তুলে ধরতে গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ডকে এগিয়ে নিতে এবং স্থানীয় জনদুর্ভোগ লাঘবে প্রশাসন ও সাংবাদিকদের সমন্বিত উদ্যোগ জনগণের কল্যাণে কার্যকর অবদান রাখবে। তিনি একটি স্বচ্ছ, জবাবদিহিমূলক ও জনবান্ধব উপজেলা গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন। “
তিনি আরও বলেন, “আমি নেছারাবাদকে এক মডেল উপজেলায় রূপান্তরিত করতে চাই। সততা ও নিষ্ঠার সাথে নিজের দায়িত্ব পালন করতে চাই। আর তাই সকল ভালো কাজে সকলের সার্বিক সহযোগীতা আমার একান্ত প্রয়োজন।”
সভায় সাংবাদিকরা উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সমস্যা ও সম্ভাবনা তুলে ধরে নবাগত ইউএনও’র সাথে মতবিনিময় করেন।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আশিক আহম্মেদের সভাপতিত্বে ও সহকারি কমিশনার (ভূমি) মো. রায়হান মাহমুদের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন স্বরূপকাঠী প্রেসক্লাবের সভাপতি গোলাম মোস্তফা , সাধারণ সম্পাদক মো. মুহিদুল ইসলাম, দৈনিক সংগ্রামের প্রতিনিধি মো. গোলাম আযম আছলাম, বাংলাদেশ বুলেটিনের মো. তরিকুল ইসলাম তারেক, দৈনিক প্রতিদিনের বাংলাদেশের মো. মারুফ পারভেজ বিপ্লব, দৈনিক মুক্তখবর পত্রিকার মো. মাহমুদুল হাসান (মিলন), দৈনিক বাংলাদেশ সমাচারের আরিফ বিল্লাহ, দৈনিক সকালের সময়ের মো. বদরুজ্জামান সুজন, দৈনিক গণমুক্তির মো. আবু ইউসুফ ও দৈনিক বাংলাদেশ বাণীর প্রতিনিধি ফরিদ আহমেদসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার অন্যান্য সাংবাদিকবৃন্দ।
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।