বুধবার, সেপ্টেম্বর ৩০, ২০২৬

বিএম কলেজে আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগীতার গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত

মেহেরাব হোসেন রিফাত : সরকারি ব্রজমোহন (বিএম) কলেজে গণতন্ত্রমূলক আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতা ২০২৬ এর গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। যুক্তি পাল্টা যুক্তিতে জমে ওঠা চূড়ান্ত পর্বে বিএম কলেজ বিতর্ক দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে বরিশাল বিশ্ববিদ্যালয় বিতর্ক দল।

বুধবার (৩০ সেপ্টেম্বর) সকাল ১০টায় কলেজের শহীদ তাহিদুল ইসলাম লাইব্রেরি ভবনের দ্বিতীয় তলায় প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়। এতে বিএম কলেজ দলের হয়ে অংশ নেন তুফা ইসলাম, মাহফুজুর রহমান ও আশরাফুল ইসলাম। বরিশাল বিশ্ববিদ্যালয়ের পক্ষে বিতর্কে অংশ নেন কাজী গালিব, মানজারুল হক ও নুসরাত।

বিএম কলেজ ডিবেটিং ক্লাবের ব্যবস্থাপনায় এবং বরিশাল মহানগর ছাত্রদল ও বিএম কলেজ শাখা ছাত্রদলের উদ্যোগে আয়োজিত প্রতিযোগিতায় গণতন্ত্রের বিভিন্ন দিক ও সমসাময়িক বিষয় নিয়ে বিতার্কিকরা যুক্তি উপস্থাপন করেন। আয়োজকদের ভাষ্য, শিক্ষার্থীদের মধ্যে গণতন্ত্র, যুক্তিবোধ ও তথ্যনির্ভর মত প্রকাশের চর্চা বাড়ানোই ছিল এ আয়োজনের অন্যতম লক্ষ্য।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশালের বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) খলিল আহমেদ। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএম কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. শেখ মো. তাজুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক কাজী জাবের আহমেদ। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল মহানগর ছাত্রদলের আহ্বায়ক মো. এনামুল হাসান তাসনিম এবং প্রধান বক্তা ছিলেন বিএম কলেজ ডিবেটিং ক্লাবের সভাপতি অনিক হোসেন তুহিন। বিএম কলেজ শাখা ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম জুবায়েরের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন বিএম কলেজ ডিবেটিং ক্লাবের সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্য বিভাগীয় কমিশনার খলিল আহমেদ গণতন্ত্রের চর্চায় নাগরিক অধিকার, দায়িত্ব ও সহনশীলতার ওপর গুরুত্বারোপ করেন। ঐতিহ্যবাহী বিএম কলেজে এমন একটি আয়োজনে উপস্থিত হতে পেরে সন্তোষ প্রকাশ করে তিনি শিক্ষার্থীদের যুক্তিনির্ভর ও জ্ঞানভিত্তিক চর্চা অব্যাহত রাখার আহ্বান জানান।

তবে তাঁর বক্তব্য শুধু গণতন্ত্রেই সীমাবদ্ধ ছিল না। পরিবর্তনশীল বিশ্বের সঙ্গে নতুন প্রজন্মকে প্রস্তুত করার বিষয়েও কথা বলেন তিনি। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), ইন্টারনেট অব থিংস, রোবটিকস, থ্রিডি প্রিন্টিং, অটোমেশন ও স্মার্ট প্রযুক্তির প্রসঙ্গ তুলে তিনি বলেন, আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবিলায় শিক্ষার্থীদের প্রযুক্তিগত দক্ষতার পাশাপাশি উদ্ভাবনী চিন্তাশক্তি বাড়াতে হবে। বরিশাল অঞ্চলে জলবায়ু পরিবর্তনের সম্ভাব্য প্রভাবের কথাও তাঁর বক্তব্যে উঠে আসে। ভবিষ্যতের পরিবেশগত ও প্রযুক্তিগত চ্যালেঞ্জ মোকাবিলায় বিজ্ঞান ও গবেষণাকে অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, নতুন প্রজন্মকেই এসব সমস্যার কার্যকর সমাধান খুঁজে বের করতে হবে।

অনুষ্ঠানে বিএম কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. শেখ মো. তাজুল ইসলাম বলেন, শিক্ষার্থীদের মেধা ও মনন বিকাশে বিতর্কসহ সৃজনশীল কর্মকাণ্ড গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। গণতন্ত্রকে কেন্দ্র করে বিতর্ক আয়োজনের প্রশংসা করে তিনি বলেন, প্রতিযোগিতায় একটি দল চ্যাম্পিয়ন হলেও অংশগ্রহণকারী প্রত্যেক বিতার্কিক বিষয়টি নিয়ে পড়াশোনা, বিশ্লেষণ ও যুক্তি তৈরির সুযোগ পেয়েছেন। এটিই এ ধরনের প্রতিযোগিতার বড় অর্জন। অধ্যক্ষ নিজের কর্মজীবনের শেষ পর্যায়ের প্রসঙ্গ টেনে তিনি বিএম কলেজের বিতার্কিকদের পড়াশোনার পাশাপাশি বিতর্কচর্চা অব্যাহত রাখার আহ্বান জানান। তিনি বলেন, তোমরা পড়াশোনা চালিয়ে যাও, বিতর্ক চালিয়ে যাও। যে স্বপ্ন নিয়ে এই প্রতিষ্ঠানে ভর্তি হয়েছ, সেই স্বপ্ন পূরণে এগিয়ে যাও।

বিএম কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক জাবের আহমেদ বলেন, আজকে আমার সামনে যারা উপস্থিত রয়েছে তারা সমাজের অধিকতর সচেতন এবং স্মার্ট শিক্ষার্থী। বির্তক সবাই করে না যারা বির্তক করে তারা অন্যদের থেকে জ্ঞানে, প্রজ্ঞায় বিদ্যা বুদ্ধিতে অন্যদের থেকে একধাপ এগিয়ে। কয়েক ধাপ পেরিয়ে যারা চুড়ান্ত পর্যায়ে অংশগ্রহণ করছে সবার জন্য আন্তরিক শুভেচ্ছা। বির্তক সহ সৃজনশীল যেকোনো কাজে বিএম কলেজ সব সময়ে এগিয়ে থাকবে বলেও তিনি প্রত্যাশা ব্যাক্ত করেন।

প্রধান আলোচকের বক্তব্য বরিশাল মহানগর ছাত্রদলের আহ্বায়ক মো. এনামুল হাসান তাসনিম বলেন, বিতর্কের মূল ভিত্তি যুক্তি এবং যুক্তির মাধ্যমে সত্যকে সামনে আনার চর্চা তৈরি হয়। বর্তমান সময়ে অনলাইনে গুজব, অপতথ্য ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে পড়ার বিষয়টি উল্লেখ করে তিনি বলেন, শিক্ষার্থীদের তথ্য যাচাই এবং যুক্তি দিয়ে বিভ্রান্তিকর বক্তব্য খণ্ডনের সক্ষমতা অর্জন করা প্রয়োজন। এ চিন্তা থেকেই গণতন্ত্রের বিভিন্ন বিষয় সামনে রেখে প্রতিযোগিতাটি আয়োজন করা হয়েছে। আয়োজন সফল করতে সহযোগিতা করায় বিএম কলেজ ডিবেটিং ক্লাবকে ধন্যবাদ জানিয়ে ভবিষ্যতেও বিতর্কসহ শিক্ষার্থীদের সৃজনশীল কর্মকাণ্ডে সহযোগিতার কথা জানান তিনি।

এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএম কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক আবুল কালাম আজাদ, ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান মহিউদ্দিন চৌধুরী, অর্থনীতি বিভাগের অধ্যাপক গোলাম রাব্বি ও পদার্থবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক রাশেদ খান শাহীনসহ অনন্য শিক্ষকরা। এছাড়াও বিএম কলেজ ডিবেটিং ক্লাবের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক, বরিশাল বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির সাবেক সভাপতি, বিভিন্ন পর্যায়ের বিতার্কিক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব শেষে বিচারকদের সিদ্ধান্তে বরিশাল বিশ্ববিদ্যালয় বিতর্ক দলকে চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়। অতিথিরা বিজয়ী দলকে অভিনন্দন জানানোর পাশাপাশি অংশগ্রহণকারী সব বিতার্কিকের যুক্তিচর্চা ও প্রস্তুতির প্রশংসা করেন। গণতন্ত্র নিয়ে যুক্তিনির্ভর আলোচনা, প্রযুক্তিনির্ভর ভবিষ্যতের প্রস্তুতি এবং শিক্ষার্থীদের সৃজনশীল চর্চা অব্যাহত রাখার আহ্বানের মধ্য দিয়ে শেষ হয় আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতার গ্র্যান্ড ফাইনাল।

আরো পড়ুন

উজিরপুরে পুকুরে ডুবে শিশুর মুত্যু

নিজস্ব প্রতিবেদক : বরিশালের উজিরপুরে পুকুরের পানিতে ডুবে ইয়াসির হাওলাদার (৮) নামের এক প্রতিবন্ধী শিশুর …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *