আসাদুজ্জামান মিরাজ, কুয়াকাটা : আগামী ২৩ ও ২৪ অক্টোবর অনুষ্ঠিতব্য ‘কুয়াকাটা পর্যটন কার্নিভাল ২০২৬’ সফলভাবে আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (৪ অক্টোবর) কুয়াকাটার পর্যটন হলিডে হোমসের কনফারেন্স হলে বাংলাদেশ পর্যটন করপোরেশনের আয়োজনে এ প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য এ বি এম মোশাররফ হোসেন। সভাপতিত্ব করেন বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) মোঃ সামীমুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পর্যটন করপোরেশনের পরিচালক (অতিরিক্ত সচিব পদমর্যাদা) মোঃ গনী উল আজম।
এ সময় উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা প্রশাসক স্নেহাংশু সরকার কুট্টি এবং ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা রিজিয়নের পুলিশ সুপার অনির্বাণ চাকমা। এছাড়া কুয়াকাটার স্থানীয় প্রতিনিধি, ট্যুর অপারেটর, ট্যুর গাইড, প্রেসক্লাব, হোটেল-মোটেল, রেস্টুরেন্টসহ পর্যটন সংশ্লিষ্ট বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ সভায় অংশ নেন। সভায় জানানো হয়, দুই দিনব্যাপী পর্যটন কার্নিভালে পর্যটকদের জন্য থাকছে বিচ ম্যারাথন, বিচ ফুটবল, বিচ ক্রিকেট, ফুড ফেস্টিভাল, ঘুড়ি উৎসব, চর বিজয় ভ্রমণ, পুঁথি পাঠের আসর, বাউল গানের আসর ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
পাশাপাশি হেলথ ট্যুরিজম নিয়েও থাকবে বিশেষ আয়োজন। প্রস্তুতিমূলক সভায় কার্নিভালকে ঘিরে পর্যটকদের নিরাপত্তা, যাতায়াত, আবাসন, খাবার, বিনোদন, অনুষ্ঠানস্থলের ব্যবস্থাপনা এবং সার্বিক সমন্বয়সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। একই সঙ্গে কুয়াকাটায় আগত পর্যটকদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় ভ্রমণ নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।
আয়োজকরা জানান, কুয়াকাটার পর্যটন সম্ভাবনাকে দেশ-বিদেশে তুলে ধরা এবং পর্যটন শিল্পের সঙ্গে সংশ্লিষ্ট স্থানীয় উদ্যোক্তাদের সম্পৃক্ততা বাড়ানোর লক্ষ্যেই এ কার্নিভালের আয়োজন করা হচ্ছে। এ সময় কুয়াকাটার পর্যটন শিল্পের বিভিন্ন সমস্যা, সম্ভাবনা, পর্যটকদের নিরাপত্তা, সেবার মান উন্নয়ন, আবাসন ও যোগাযোগ ব্যবস্থাসহ নানা বিষয় নিয়ে কথা বলেন স্থানীয় স্টেকহোল্ডাররা। তারা পর্যটন কার্নিভালকে সফল করতে সংশ্লিষ্ট সব পক্ষের সমন্বিত উদ্যোগ ও কার্যকর সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন।
বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) মোঃ সামীমুজ্জামান বলেন, কুয়াকাটার পর্যটন সম্ভাবনাকে কাজে লাগিয়ে এটিকে একটি আকর্ষণীয় ও নিরাপদ পর্যটন গন্তব্য হিসেবে গড়ে তুলতে হবে। পর্যটন কার্নিভালের মাধ্যমে কুয়াকাটার প্রাকৃতিক সৌন্দর্য, স্থানীয় সংস্কৃতি ও পর্যটন সুবিধাগুলো দেশ-বিদেশের মানুষের কাছে তুলে ধরা হবে।
এ আয়োজন সফল করতে স্থানীয় স্টেকহোল্ডারসহ সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে। এই দুইদিনে কমপক্ষে ৫-৬ লক্ষ পর্যটকদের আগমনের সম্ভাবনা রয়েছে। সভায় সংসদ সদস্য এবিএম মোশাররফ হোসেন বলেন, কুয়াকাটাকে ব্র্যান্ডিং করার এটি একটি বড় সুযোগ। স্থানীয় পর্যটন ব্যবসায়ীদের সহযোগিতা করে এ আয়োজনকে সফল করতে হবে।
তিনি এমন আয়োজনের উদ্যোগ নেওয়ায় বাংলাদেশ পর্যটন কর্পোরেশনকে ধন্যবাদ জানান। কুয়াকাটার পর্যটন সম্ভাবনাকে কাজে লাগিয়ে এটিকে আকর্ষণীয়, পরিচ্ছন্ন ও নিরাপদ গন্তব্য হিসেবে গড়ে তুলতে হবে। তিনি বলেন, কুয়াকাটাকে শুধু মৌসুমি পর্যটনকেন্দ্র হিসেবে নয়, বরং সারা বছর দেশি-বিদেশি পর্যটকদের আকৃষ্ট করতে সক্ষম একটি আন্তর্জাতিক মানের গন্তব্য হিসেবে গড়ে তুলতে হবে। এ জন্য দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ, পর্যটন অবকাঠামোর আধুনিকায়ন এবং সংশ্লিষ্ট সরকারি দপ্তরগুলোর মধ্যে কার্যকর সমন্বয় জরুরি।
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।