আসাদুজ্জামান মিরাজ, কুয়াকাটা : ডেঙ্গুর প্রকোপ প্রতিরোধ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে পটুয়াখালীর কুয়াকাটা পৌরসভায় সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় ডেঙ্গু প্রতিরোধে এডিস মশার প্রজননস্থল ধ্বংস, পরিচ্ছন্নতা বজায় রাখা এবং জনসম্পৃক্ততা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়। রবিবার (৪ অক্টোবর) বিকেলে কুয়াকাটা পৌরসভার হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কুয়াকাটা পৌরসভার প্রশাসক ইয়াসিন সাদেক।
সভাপতির বক্তব্যে ইয়াসিন সাদেক বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু প্রশাসনের উদ্যোগ যথেষ্ট নয়, এর সঙ্গে সাধারণ মানুষের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন। বাড়িঘর, ব্যবসাপ্রতিষ্ঠান ও আশপাশের এলাকায় যাতে পানি জমে না থাকে, সেদিকে সবাইকে সতর্ক থাকতে হবে। তিনি বলেন, “কুয়াকাটা একটি গুরুত্বপূর্ণ পর্যটন নগরী। এখানকার পরিচ্ছন্নতা ও জনস্বাস্থ্য রক্ষায় আমাদের সবাইকে দায়িত্বশীল হতে হবে। ডেঙ্গুর বাহক এডিস মশার প্রজননস্থল ধ্বংস করতে নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম চালাতে হবে।”
তিনি আরও বলেন, ডেঙ্গু প্রতিরোধে পৌরসভার পক্ষ থেকে সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে। একই সঙ্গে স্থানীয় বাসিন্দা, ব্যবসায়ী, পর্যটনসংশ্লিষ্ট ব্যক্তি ও সামাজিক সংগঠনগুলোকে এ কার্যক্রমে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান তিনি। সভায় বক্তারা বলেন, জমে থাকা স্বচ্ছ পানিতে এডিস মশা বংশবিস্তার করে। তাই ফুলের টব, পরিত্যক্ত পাত্র, ড্রাম, টায়ারসহ বিভিন্ন স্থানে জমে থাকা পানি নিয়মিত অপসারণ করতে হবে। পাশাপাশি জ্বরসহ ডেঙ্গুর উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানানো হয়।
সভায় আরও উপস্থিত ছিলেন কুয়াকাটা কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মাওলানা মাঈনুল ইসলাম মান্নান, কুয়াকাটা রাখাইন মার্কেট ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিরাজ, কুয়াকাটা ট্যুর গাইড অ্যাসোসিয়েশনের সভাপতি কেএম বাচ্চুসহ স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিবর্গ। বক্তারা বলেন, সম্মিলিত উদ্যোগ ও সচেতনতার মাধ্যমে ডেঙ্গুর বিস্তার অনেকাংশে নিয়ন্ত্রণ করা সম্ভব। তাই কুয়াকাটাকে পরিচ্ছন্ন ও ডেঙ্গুমুক্ত রাখতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।