নিজস্ব প্রতিবেদক : বরিশালের কীর্তনখোলা নদীতে অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনের বিরুদ্ধে অভিযান চালিয়ে দুটি ড্রেজার ও তিনটি বাল্কহেড জব্দ করেছে প্রশাসন ও কোস্ট গার্ড। এ সময় সংশ্লিষ্টদের মোট ৫ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (৬ অক্টোবর) রাত ১টা থেকে বরিশাল সদর উপজেলার জুনাহার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। বরিশাল সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আজহারুল ইসলামের নেতৃত্বে কোস্ট গার্ডের একটি টিম অভিযানে অংশ নেয়।
অভিযানে কীর্তনখোলা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনের অভিযোগে দুটি ড্রেজার ও তিনটি বাল্কহেড জব্দ করা হয়। এ সময় অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার পাশাপাশি মোট ৫ লাখ ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
সহকারী কমিশনার (ভূমি) আজহারুল ইসলাম বলেন, বরিশালের জেলা প্রশাসকের নির্দেশনা ও তত্ত্বাবধানে কীর্তনখোলা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে এ অভিযান পরিচালনা করা হয়েছে। তিনি আরও বলেন, নদী ও পরিবেশের ক্ষতি করে অবৈধভাবে বালু উত্তোলন কোনোভাবেই বরদাশত করা হবে না।
বালুখেকোদের বিরুদ্ধে জেলা ও উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে। প্রশাসনের এ অভিযানে নদীতে অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনের সঙ্গে জড়িতদের মধ্যে সতর্কতা তৈরি হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।