রবিবার, নভেম্বর ২২, ২০২৬

পিরোজপুরের নিরাপত্তায় সিসিটিভি ও পুলিশ চেকপোস্ট, আইন-শৃঙ্খলা সভায় প্রতিমন্ত্রী নির্দেশ

‎‎জাকির ফরাজী: পিরোজপুরের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং গুরুত্বপূর্ণ স্থানে নিরাপত্তা জোরদারে কঠোর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর, এমপি। জেলার নাশকতা ও বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণের পাশাপাশি গুরুত্বপূর্ণ স্থানে সিসিটিভি ক্যামেরা স্থাপন ও প্রয়োজনীয় পয়েন্টে পুলিশের চেকপোস্ট বসানোর নির্দেশনা দিয়েছেন তিনি।
‎
‎রোববার (২২ নভেম্বর) বেলা ১১টার দিকে পিরোজপুর জেলা প্রশাসকের কার্যালয়ের শহীদ আব্দুর রাজ্জাক-মিজান সাইফ স্মৃতি সভাকক্ষে অনুষ্ঠিত বিশেষ আইন-শৃঙ্খলা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব নির্দেশনা দেন।
‎
‎জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. গোলাম রব্বানী। বিশেষ অতিথি ছিলেন পিরোজপুর-৩ আসনের সংসদ সদস্য মো. রুহুল আমীন দুলাল।
‎
‎সভায় প্রতিমন্ত্রী বলেন, জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইন-শৃঙ্খলা বাহিনী, রাজনৈতিক নেতৃবৃন্দ ও কর্মীদের মধ্যে সমন্বয় অত্যন্ত জরুরি। যেকোনো সংকটময় পরিস্থিতিতে সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে।
‎
‎সভায় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মুহাম্মদ তালেবুর রহমান, এসআরবি বরিশাল-৮-এর কোম্পানি কমান্ডার কামরুজ্জামান, সিভিল সার্জন মতিউর রহমান, জেলা বিএনপির সদস্য সচিব সাইদুল ইসলাম কিসমত, জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি জহিরুল ইসলাম ও পিরোজপুর প্রেসক্লাবের সভাপতি মো. শামীম হোসেনসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।
‎
‎সভা শেষে প্রধানমন্ত্রী তারেক রহমানের ৫২তম জন্মবার্ষিকী উপলক্ষে জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ করেন প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর।

আরো পড়ুন

আওয়ামী লীগের আগুন সন্ত্রাসের প্রতিবাদে পিরোজপুরে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ

‎জাকির ফরাজী, পিরোজপুর: দেশব্যাপী আওয়ামী লীগের আগুন সন্ত্রাস, নাশকতা ও বিভিন্ন অপকর্মের প্রতিবাদে পিরোজপুরে বিক্ষোভ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *