শনিবার, অক্টোবর ১০, ২০২৬

বরিশালে শ্বশুরবাড়িতে বেড়াতে এসে জামাই খুন, গ্রেপ্তার ১

বায়জিদ আল আমিন : বরিশাল সদর উপজেলার চরকাউয়া ইউনিয়নের চরআইচা গ্রামের মজিদপুর এলাকায় শ্বশুরবাড়িতে বেড়াতে এসে হামলার শিকার হয়ে ইমরান মিরা (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। ভেসাল জাল কাটা নিয়ে বিরোধের জেরে ধারালো অস্ত্র দিয়ে তাঁকে আঘাত করা হয় বলে অভিযোগ উঠেছে। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর শুক্রবার (৯ অক্টোবর) সকাল ৯টার দিকে তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় চারজনের বিরুদ্ধে মামলা হয়েছে।

পুলিশ মামলার প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে। স্থানীয় সূত্রে জানা যায়, গত ৬ অক্টোবর সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে। অভিযোগ অনুযায়ী, আজিজ সিকদারের সামনে পাতা জাল রাতে কেটে নেওয়ার ঘটনা দেখতে পেয়ে ইমরান চোর বলে চিৎকার করেন। এ সময় তাঁর মাথায় ধারালো চাকু দিয়ে আঘাত করা হয়। পরে তিনি ওই ব্যক্তির পেছনে দৌড় দিলে তাঁর পেটে ধারালো ছুরি ঢুকিয়ে দেওয়া হয় বলে মামলার অভিযোগে উল্লেখ করা হয়েছে।

পরে গুরুতর আহত অবস্থায় ইমরানকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকালে তাঁর মৃত্যু হয়। নিহত ইমরান মিরা পেশায় একজন দিনমজুর ছিলেন। তিনি চরকাউয়া ইউনিয়নের চরআইচা গ্রামের ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তাঁর বাবার নাম আনোয়ার মিরা। ইমরানের স্ত্রী ছয় মাসের অন্তঃসত্ত্বা বলে জানা গেছে। এ ঘটনায় আজিজ সিকদার (৬৫), হাসান সিকদার, লিমা আক্তার ও রিপন হাওলাদারকে আসামি করে থানায় মামলা করা হয়েছে।

পুলিশ মামলার প্রধান আসামি আজিজ সিকদারকে গ্রেপ্তার করেছে বলে জানা গেছে। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে। এদিকে, ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে স্থানীয় বাসিন্দারা মানববন্ধন করেছেন। তাঁরা এ ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

বরিশাল বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন জানান, এ ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। ইমরানের মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। বিশেষ করে ছয় মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে রেখে তাঁর এভাবে চলে যাওয়ার ঘটনায় শোকাহত স্বজন ও স্থানীয় বাসিন্দারা।

আরো পড়ুন

বরিশালে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে মাঠকর্মীদের প্রশিক্ষণ শুরু

নিজস্ব প্রতিবেদক : ফ্যামিলি কার্ড বাস্তবায়নের লক্ষ্যে মাঠপর্যায়ের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ শুরু হয়েছে। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *