ফরিদ আহমেদ, নেছারাবাদ প্রতিনিধি : পিরোজপুরের নেছারাবাদ উপজেলা পরিষদের নতুন ভবনের চতুর্থ তলা থেকে নিচে পড়ে মো. জসিম (৩৫) নামের এক নির্মাণশ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা (সেফটি বেল্ট) না থাকায় এবং ঝুঁকিপূর্ণভাবে টিনের শেডের ওপর বসে ঝালাইয়ের কাজ করার সময় এই দুর্ঘটনা ঘটে।
শুক্রবার (১৩ নভেম্বর) রাতে উপজেলা পরিষদের নতুন ভবনের পূর্ব পাশে এই দুর্ঘটনা ঘটে। নিহত জসিম পার্শ্ববর্তী কাউখালী উপজেলার বাসিন্দা মো. ইদ্রিস আলীর ছেলে।
খোঁজ নিয়ে জানা গেছে, নেছারাবাদ উপজেলা পরিষদের নতুন ভবনটির পঞ্চম তলা নির্মাণের কাজ পেয়েছে পটুয়াখালীর ঠিকাদারি প্রতিষ্ঠান ‘মেসার্স কে কে এন্টারপ্রাইজ’। পঞ্চম তলা নির্মাণের প্রাথমিক প্রস্তুতি হিসেবে ভবনের চারপাশে সেফটি নেট স্থাপনের জন্য লোহার অ্যাঙ্গেল ঝালাইয়ের কাজ চলছিল। শুক্রবার রাতে ভবনের পূর্ব পাশে একটি টিনের শেডের ওপর বসে পাশে থাকা লোহার অ্যাঙ্গেলে ঝালাইয়ের কাজ করছিলেন শ্রমিক জসিম। এ সময় হঠাৎ টিনের শেড ভেঙে তিনি নিচে পড়ে গিয়ে গুরুতর আহত হন।
দুর্ঘটনার পর সহকর্মীরা তাঁকে দ্রুত উদ্ধার করে নেছারাবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। সেখানে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
উপজেলা এলজিইডির প্রকৌশলী মো. রাইসুল ইসলাম জানান, ‘সেফটি বেল্ট পরে কাজ করলে হয়তো এমন অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়ানো সম্ভব হতো।’
নিহতের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে নেছারাবাদ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আশিক আহমেদ বলেন, ‘পঞ্চম তলার নির্মাণকাজের প্রস্তুতি হিসেবে ভবনের চারপাশে সেফটি নেট তৈরির কাজ চলছিল। টিনের শেডের ওপর বসে অ্যাঙ্গেল ঝালাই করার সময় ওই শ্রমিক নিচে পড়ে গুরুতর আহত হন। পরে তাঁর মৃত্যুর খবর তিনি জানতে পেরেছেন।’
অন্যদিকে, কাজের প্রতিনিধিত্বকারী মো. শামীম ঘটনাটিকে ‘সম্পূর্ণ দুর্ঘটনা’ উল্লেখ করে নিহতের পরিবারকে নিয়ম অনুযায়ী সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দিয়েছেন।
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।