মঙ্গলবার, নভেম্বর ১৭, ২০২৬

কলাপাড়ায় মানিকমালা খেলাঘর আসরের কমিটি নিয়ে বিরোধ, নতুন কমিটি প্রত্যাখ্যান করে প্রতিবাদ

বিশ্বাস শিহাব পারভেজ মিঠু, কলাপাড়া: পটুয়াখালীর খেপুপাড়ায় ‘মানিকমালা খেলাঘর আসর’-এর কমিটি গঠন নিয়ে বিরোধ দেখা দিয়েছে। সংগঠনের বর্তমান কার্যকরী কমিটির অজ্ঞাতসারে এবং গঠনতন্ত্র লঙ্ঘন করে নতুন কমিটি গঠনের অভিযোগ তুলে এর তীব্র প্রতিবাদ ও প্রত্যাখ্যান জানিয়েছে সংগঠনটির বর্তমান কমিটি।
মঙ্গলবার (১০ নভেম্বর ২০২৬) প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ প্রতিবাদ জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৮ নভেম্বর বিভিন্ন পত্রপত্রিকায় ‘মানিকমালা খেলাঘর আসর’-এর কমিটি গঠনসংক্রান্ত একটি সংবাদ প্রকাশিত হয়। ওই কমিটি গঠনের বিষয়টি সংগঠনের বর্তমান কার্যকরী কমিটির জানা ছিল না। নিয়মবহির্ভূতভাবে ও গঠনতন্ত্র লঙ্ঘন করে কমিটি গঠন করা হয়েছে বলে দাবি করা হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, ওই সভা ও গঠিত কমিটির সঙ্গে প্রকৃত ‘মানিকমালা খেলাঘর আসর’-এর কোনো সম্পর্ক নেই। এ কারণে প্রকাশিত সংবাদে উল্লেখিত কমিটি ও সভা প্রত্যাখ্যান করে সংগঠনের পক্ষ থেকে তীব্র প্রতিবাদ জানানো হয়েছে। পাশাপাশি এ বিষয়ে বিভ্রান্ত না হওয়ার জন্য সংশ্লিষ্ট সবার প্রতি অনুরোধ জানানো হয়।
বিজ্ঞপ্তিতে নিজেদের কমিটিকে একমাত্র ও প্রকৃত ‘মানিকমালা খেলাঘর আসর’ হিসেবে দাবি করে জানানো হয়, সম্মেলনের মাধ্যমে নির্বাচিত কমিটির সভাপতি মিসেস মনোয়ারা বেগম এবং সাধারণ সম্পাদক মো. শাহ সুজা উদ্দিন। প্রেস বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন সংগঠনটির সাধারণ সম্পাদক মো. শাহ সুজা উদ্দিন।
এদিকে, এ বিষয়ে মানিকমালা খেলাঘর আসরের বর্তমান কমিটির সদস্য নমিতা দত্ত বলেন, “কেন্দ্র থেকে এসে আমাদের কমিটি করে দিয়েছে। আমাদের কিছু করার নাই। আমার বয়স হয়েছে। শেষ বয়সে এসে এ নিয়ে কোনো দ্বন্দ্ব চাই না। এর বেশি কিছু এ নিয়ে আমার বলার নাই। কেন্দ্র যা সিদ্ধান্ত নেবে, আমরা সেটা মেনে নেব।”
খেপুপাড়ায় মানিকমালা খেলাঘর আসরের প্রতিষ্ঠাতা ও সদস্য কমরেড নাসির তালুকদার বলেন, “১৯৭৫ সালে খেপুপাড়ায় মানিকমালা খেলাঘর আসর প্রতিষ্ঠা হয়েছে। সেই থেকে সাংগঠনিক নিয়ম অনুযায়ী সম্মেলনের মাধ্যমে কমিটি গঠন করা হয়েছে। তার ধারাবাহিকতায় কলাপাড়ায় কার্যকরী কমিটি বহাল রয়েছে, যা কাউন্সিলের মাধ্যমে গঠিত হয়েছে। এটা কলাপাড়ায় সর্বজনস্বীকৃত। এই কমিটিকে না জানিয়ে বর্তমানে যে কমিটি গঠন করা হয়েছে, এটা গণতন্ত্রবিরোধী এবং স্বাভাবিক নিয়মশৃঙ্খলার পরিপন্থী। আমরা এ সভা বা কমিটিকে বয়কট করছি। পূর্বের কমিটি বহাল আছে এবং এর কার্যক্রম চলমান আছে। এ নিয়ে বিভ্রান্ত না হওয়ার জন্য সকলের প্রতি অনুরোধ করছি।”

আরো পড়ুন

আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে চর কাটার অভিযোগ

রিয়াজ ফরাজী: ভোলার বোরহানউদ্দিন উপজেলার বড় মানিকা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের একতা বাজারসংলগ্ন চর থেকে অবৈধভাবে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *