নিজস্ব প্রতিবেদক : যে বয়সে বই-খাতা নিয়ে স্কুলে যাওয়ার কথা, বন্ধুদের সঙ্গে খেলাধুলা আর ভবিষ্যৎ নিয়ে স্বপ্ন দেখার কথা, সেই বয়সে হাসপাতালের বিছানায় মৃত্যুর সঙ্গে লড়ছে ১৭ বছরের কিশোর জুবায়ের মৃর্ধা। দুই বছর ধরে ক্যান্সারের সঙ্গে যুদ্ধ করছে সে। ছেলেকে বাঁচাতে নিজের শেষ সম্বলটুকুও বিক্রি করে দিয়েছেন বাবা। ধারদেনা ও সহায়তা নিয়ে ইতোমধ্যে ১০ লাখ টাকার বেশি ব্যয় করেছেন চিকিৎসায়। কিন্তু এখন নিঃস্ব বাবার পক্ষে আর চিকিৎসার ব্যয় বহন করা সম্ভব হচ্ছে না। তাই ছেলের জীবন বাঁচাতে সমাজের বিত্তবান ও মানবিক মানুষের কাছে সাহায্যের হাত বাড়িয়েছেন তিনি।
জুবায়ের বরিশাল নগরীর ২৩ নম্বর ওয়ার্ডের টিয়াখালি রোড এলাকার বাসিন্দা ইলেক্ট্রিশিয়ান মো. আল আমিন মৃর্ধার বড় ছেলে। চার ভাই-বোনের মধ্যে জুবায়ের সবার বড়। অষ্টম শ্রেণি পর্যন্ত পড়াশোনা করেছে সে। কিন্তু একটি দুর্ঘটনার পর তার জীবনে নেমে আসে অন্ধকার।
পরিবার সূত্রে জানা গেছে, ২০২০ সালে জুবায়েরের মা মারা যান। এরপর সৎ মা জরিনা আক্তার তাকে নিজের সন্তানের মতোই আগলে রাখেন। ২০২৪ সালে বরিশাল নগরীর কালিজিরা এলাকায় একটি অটোরিকশা দুর্ঘটনায় জুবায়েরের পা ভেঙে যায়। পরবর্তী সময়ে ভাঙা স্থানে ক্যান্সার শনাক্ত হয় বলে পরিবারের দাবি। ধীরে ধীরে রোগটি শরীরের অন্যান্য অংশেও ছড়িয়ে পড়ে। এরপর থেকেই শুরু হয় জুবায়েরের দীর্ঘ চিকিৎসাযুদ্ধ।
বর্তমানে ক্যান্সার বিশেষজ্ঞ চিকিৎসক তড়িৎ কুমারের তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছে জুবায়ের। ছেলের চিকিৎসার খরচ জোগাতে গিয়ে পেশায় ইলেক্ট্রিশিয়ান বাবা আল আমিন মৃর্ধা ইতোমধ্যে নিজের সব সম্পত্তি বিক্রি করেছেন। কিন্তু দীর্ঘদিনের চিকিৎসায় আর্থিকভাবে পুরোপুরি বিপর্যস্ত হয়ে পড়েছে পরিবারটি।
জুবায়েরের কণ্ঠেও এখন বেঁচে থাকার আকুতি। অসুস্থতার কারণে স্বাভাবিক জীবন থেকে বিচ্ছিন্ন হয়ে পড়া এই কিশোরের একটাই প্রত্যাশা—আবার সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসা। জুবায়ের বলে, “সরকারের কাছে আমার আবদেন আমি বাঁচতে চাই, আমাকে বাঁচান। সবাই আমার জন্য দোয়া করবেন। ”
ছেলের অসুস্থতার পর থেকে দিনরাত তার সেবাযত্নে নিয়োজিত রয়েছেন সৎ মা জরিনা আক্তার। নিজের সন্তানদের পাশাপাশি জুবায়েরকেও আগলে রেখেছেন তিনি। দীর্ঘদিনের অসুস্থতা ও চিকিৎসার ব্যয় নিয়ে দুশ্চিন্তায় দিন কাটছে তার।
জরিনা আক্তার বলেন, “জুবায়েরকে কখনও অন্যের সন্তান মনে করেননি। আপন সন্তানের মতো ওর পাশে থেকেছি। আফসোস অর্থের অভাবে চিকিৎসা করাতে পারছি না। সবাইকে ছেলের চিকিৎসায় এগিয়ে আসার জন্য অনুরোধ জানিয়েছেন।”
অসহায় বাবা আল আমিন মৃর্ধা বলেন, “আমার চার ছেলে-মেয়ের মধ্যে জুবায়ের বড়। ছেলেকে বাঁচানোর জন্য নিজের সব সম্পত্তি বিক্রি করে দিয়েছি। এ পর্যন্ত তার চিকিৎসায় ১০ লাখ টাকারও বেশি খরচ হয়েছে। কিন্তু এখন আর আমার পক্ষে চিকিৎসার এত বড় ব্যয় বহন করা সম্ভব হচ্ছে না। একজন বাবা হিসেবে সন্তানের চিকিৎসা বন্ধ হয়ে যাক, তা মেনে নিতে পারছি না। সমাজের বিত্তবান ও মানবিক মানুষের কাছে আমার আকুল আবেদন, আপনারা আমার ছেলেকে বাঁচাতে সহযোগিতার হাত বাড়িয়ে দিন।”
এদিকে অর্থাভাবে জুবায়েরের চিকিৎসা যেন বন্ধ হয়ে না যায়, সে জন্য সমাজের বিত্তবান ব্যক্তি, জনপ্রতিনিধি, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনসহ দেশ-বিদেশে অবস্থানরত মানবিক মানুষের কাছে সহযোগিতার আবেদন জানিয়েছে পরিবারটি।
একটি কিশোরের জীবন বাঁচাতে প্রয়োজন সবার সম্মিলিত সহযোগিতা। হয়তো কারও সামান্য আর্থিক সহায়তাই জুবায়েরের চিকিৎসা চালিয়ে যাওয়ার পথ খুলে দিতে পারে। আবারও স্বাভাবিক জীবনে ফেরার স্বপ্ন দেখছে সে। সেই স্বপ্ন পূরণে এখন সমাজের মানবিক মানুষের সহযোগিতাই পরিবারের একমাত্র ভরসা।
জুবায়েরের চিকিৎসায় সহযোগিতা পাঠানোর নম্বর: বিকাশ, নগদ ও রকেট: ০১৯২৩৮২৩৫৪৯
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।