আবু জিহাদ আমতলী প্রতিনিধি: বাংলাদেশ পুলিশ ক্রীড়া প্রতিযোগিতা ২০২৬-২০২৭-এর আওতায় আন্তঃরেঞ্জ ব্যাডমিন্টন টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) বরগুনা জেলা পুলিশের আয়োজনে বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে এ প্রতিযোগিতার শুভ সূচনা হয়।
টুর্নামেন্টের উদ্বোধন ঘোষণা করেন বরগুনা জেলা পরিষদের প্রশাসক মো. নজরুল ইসলাম মোল্লা।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইশতিয়াক আহমেদ পিপিএম। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, খেলাধুলা মানুষের শারীরিক সুস্থতা ও মানসিক বিকাশের পাশাপাশি শৃঙ্খলাবোধ, দায়িত্বশীলতা এবং নেতৃত্বের গুণাবলি বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বিশেষ করে পুলিশ সদস্যদের কর্মব্যস্ত জীবনে খেলাধুলা শারীরিক সক্ষমতা ও মানসিক প্রশান্তি বজায় রাখতে সহায়তা করে।
একই সঙ্গে এ ধরনের ক্রীড়া আয়োজন পুলিশ সদস্যদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি, ভ্রাতৃত্ববোধ ও দলগত কাজের মানসিকতা আরও সুদৃঢ় করে।
তাঁরা আরও বলেন, পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি খেলাধুলার চর্চা পুলিশ সদস্যদের কর্মোদ্দীপনা বৃদ্ধি এবং সুস্থ প্রতিযোগিতার মনোভাব গড়ে তুলতে সহায়ক। এ ধরনের আয়োজনের মাধ্যমে পুলিশ সদস্যদের প্রতিভা বিকাশের পাশাপাশি পারস্পরিক সম্পর্ক ও পেশাগত বন্ধন আরও দৃঢ় হবে।
অনুষ্ঠানে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী খেলোয়াড়দের সফলতা কামনা করা হয় এবং টুর্নামেন্টের সার্বিক সাফল্য প্রত্যাশা করা হয়। এ সময় বরগুনা জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা ও সদস্য এবং প্রতিযোগিতায় অংশগ্রহণকারী খেলোয়াড়েরা উপস্থিত ছিলেন।
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।