শুক্রবার, নভেম্বর ২০, ২০২৬

আকভানের প্রভাবে পিরোজপুরে ঝড়-বৃষ্টির শঙ্কা, বেড়িবাঁধ নিয়ে উদ্বেগ নদীতীরের মানুষের

জাকির ফরাজী: বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘আকভান’ সরাসরি বাংলাদেশের উপকূলে আঘাত হানার আশঙ্কা না থাকলেও এর প্রভাবে পিরোজপুরে বৃষ্টি ও ঝড়ো হাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। জেলাজুড়ে বৈরী আবহাওয়া বিরাজ করায় নদীতীরবর্তী এলাকার মানুষের মধ্যে বেড়িবাঁধের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে। বিশেষ করে বৃষ্টি ও দমকা হাওয়ায় নদীর পানি বাড়লে বাঁধ দুর্বল হয়ে পড়ার আশঙ্কা করছেন কয়েক হাজার মানুষ।
‎
‎বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ভোর ৬টা থেকে শুক্রবার (২০ নভেম্বর) ভোর ৬টা পর্যন্ত পিরোজপুরে ১ দশমিক ৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
‎
‎এদিকে ঘূর্ণিঝড়ের প্রভাবে দেশের চার সমুদ্রবন্দর—চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রাকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত বহাল রাখতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।
‎
‎পিরোজপুর নৌ আবহাওয়া পূর্বাভাস কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাজেদুল হক ‘গণমাধ্যমকে’কে বলেন, ঘূর্ণিঝড়টির বাংলাদেশের উপকূলে আঘাত হানার আশঙ্কা নেই। এটি ভারতের উত্তর অন্ধ্রপ্রদেশ ও দক্ষিণ ওডিশা উপকূলের দিকে অগ্রসর হয়েছে। শুক্রবার সকাল ৬টা পর্যন্ত পিরোজপুরে ১ দশমিক ৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। সোমবার পর্যন্ত দিনভর থেমে থেমে বৃষ্টি হতে পারে। তবে এখন পর্যন্ত পানির উচ্চতা বাড়ার কোনো তথ্য পাওয়া যায়নি।
‎
‎এ বিষয়ে পিরোজপুরের জেলা প্রশাসক মো. গোলাম রব্বানী ‘অবজারবার’কে বলেন, ঘূর্ণিঝড় ‘আকভান’-এর পিরোজপুরে আঘাত হানার কোনো আশঙ্কা নেই। তবে ঘূর্ণিঝড়ের বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তারা সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করেছেন। ঘূর্ণিঝড়-পরবর্তী পরিস্থিতি মোকাবিলায় একটি দলও প্রস্তুত রাখা হয়েছে।
‎
‎শুক্রবার (২০ নভেম্বর) আবহাওয়া অধিদপ্তরের ঘূর্ণিঝড়-সংক্রান্ত বিশেষ বিজ্ঞপ্তির জানানো হয়, পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে অবস্থানরত প্রবল ঘূর্ণিঝড় ‘আকভান’ উত্তর-উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে দুর্বল হয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। শুক্রবার সকাল ৬টার দিকে এটি উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও সংলগ্ন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছিল।
‎
‎ওই সময় ঘূর্ণিঝড়টির কেন্দ্র চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে প্রায় ৮৮৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ৮৬৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, মোংলা সমুদ্রবন্দর থেকে ৭০০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ৭৩০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে ছিল। ঘূর্ণিঝড়টির কেন্দ্রের ৫৪ কিলোমিটারের মধ্যে বাতাসের সর্বোচ্চ একটানা গতিবেগ ছিল ঘণ্টায় প্রায় ৬২ কিলোমিটার, যা দমকা বা ঝড়ো হাওয়ার সময় ঘণ্টায় ৮৮ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছিল।
‎
‎আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ঘূর্ণিঝড়ের প্রভাবে উত্তর বঙ্গোপসাগরে গভীর সঞ্চালনশীল মেঘমালা তৈরি হয়েছে। এর প্রভাবে সমুদ্রবন্দর, উত্তর বঙ্গোপসাগর ও সংলগ্ন উপকূলীয় এলাকায় দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ পরিস্থিতিতে সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত বহাল রাখতে এবং উত্তর বঙ্গোপসাগরে থাকা মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে নিরাপদ আশ্রয়ে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

আরো পড়ুন

চরফ্যাশনে মৃদুমন্দ হিমেল বাতাসে শীতের আনাগোনা বেড়েছে লেপ-তোশকের কারিগরদের ব্যস্ততা  

চরফ্যাশন  প্রতিনিধিঃ ভোরের কুয়াশা আর হালকা হিমেল বাতাস,আর গুঁড়ি গুঁড়ি বৃষ্টি জানান দিচ্ছে শীত এসে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *