শুক্রবার, নভেম্বর ২০, ২০২৬

কুয়াকাটায় চার শিশু নিখোঁজের পর উদ্ধার, জানা গেল বাড়ি না ফেরার কারণ

মাহতাব হাওলাদার, মহিপুর প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়া উপজেলার পর্যটনকেন্দ্র কুয়াকাটায় নিখোঁজের প্রায় সাত ঘণ্টা পর চার স্কুলশিক্ষার্থীকে উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে পৌর এলাকার একটি পরিত্যক্ত ঘর থেকে তাদের ঘুমন্ত অবস্থায় উদ্ধার করা হয়। পরে সুস্থ অবস্থায় শিশুদের পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে।
উদ্ধার হওয়া শিশুরা হলো কুয়াকাটার ৬০ নম্বর লতাচাপলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী বিজয়, মুছা শেখ, শিফাত ও হুজাইফা।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিদ্যালয়ের ক্লাস শেষে শিশুরা বাড়িতে ফেরে। পরে প্রাইভেট পড়তে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয় তারা। তবে নির্ধারিত সময়ে বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। বিভিন্ন স্থানে সন্ধান করেও তাদের পাওয়া যায়নি। পরে মাইকিং ও সামাজিক যোগাযোগমাধ্যমে নিখোঁজের খবর ছড়িয়ে দেওয়া হয়।
খবর পেয়ে মহিপুর থানা পুলিশ ও স্থানীয় বাসিন্দারা শিশুদের সন্ধানে কাজ শুরু করেন। কুয়াকাটার বিভিন্ন এলাকার সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে তাদের গতিবিধি শনাক্তের চেষ্টা করা হয়। একপর্যায়ে পৌর এলাকার একটি পরিত্যক্ত ঘরে অভিযান চালিয়ে চার শিশুকে ঘুমন্ত অবস্থায় পাওয়া যায়।
শিশুদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তাদের একজন বাবার পকেট থেকে ৫০০ টাকা নিয়ে বন্ধুদের সঙ্গে ঘুরতে বের হয়েছিল। পরে চারজন মিলে সমুদ্রসৈকতে ঘোরাঘুরি করে এবং বিভিন্ন খাবার খায়। একপর্যায়ে বাড়ি ফেরার ভয় থেকে তারা রাতে একটি পরিত্যক্ত ঘরে থাকার সিদ্ধান্ত নেয়।
পরে মহিপুর থানা পুলিশ শিশুদের থানায় নিয়ে যায়। প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে তাদের অভিভাবকদের কাছে হস্তান্তর করা হয়।
চার শিশুকে উদ্ধারে পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সম্মিলিত প্রচেষ্টার কথা জানিয়েছেন সংশ্লিষ্টরা। দীর্ঘ সময় উৎকণ্ঠায় থাকার পর সন্তানদের সুস্থভাবে ফিরে পেয়ে স্বস্তি প্রকাশ করেন পরিবারের সদস্যরা।
এ ঘটনা শিশুদের নিরাপত্তা ও অভিভাবকদের সচেতনতার বিষয়টি নতুন করে সামনে এনেছে। বিশেষজ্ঞদের মতে, শিশুদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলা, তাদের চলাফেরা সম্পর্কে খোঁজ রাখা এবং কোনো ভুল করলে শাস্তির ভয়ে যেন তারা সত্য গোপন না করে এমন পরিবেশ তৈরি করা জরুরি।

আরো পড়ুন

বরিশাল মহানগর জামায়াতের পূর্ণাঙ্গ কমিটি গঠনের লক্ষ্যে রুকন সম্মেলন অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদকঃ  গণভোটের গণরায় বাস্তবায়নের মাধ্যমে জুলাই অভ্যুত্থানের সকল শক্তিকে ঐক্যবদ্ধ হতে হবে: মাওলানা জহির …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *