রবিবার, নভেম্বর ২২, ২০২৬

কুয়াকাটায় সোমবার  অধিবাসের মধ্য দিয়ে শুরু হবে রাস উৎসব : মঙ্গলবার গঙ্গাস্নান।।

বিশ্বাস শিহাব পারভেজ মিঠু, কলাপাড়া: পটুয়াখালীর কলাপাড়া ও কুয়াকাটায় সনাতন ধর্মাবলম্বীদের ঐতিহ্যবাহী রাস পূর্ণিমা উৎসব ও রাসমেলা সোমবার (২৩ নভেম্বর) রাতে অধিবাসের মধ্য দিয়ে শুরু হচ্ছে। পরদিন মঙ্গলবার (২৪ নভেম্বর) ভোরে কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে পুণ্যার্থীদের গঙ্গাস্নান অনুষ্ঠিত হবে। উৎসব উপলক্ষে কুয়াকাটায় তিন দিনব্যাপী এবং কলাপাড়ায় পাঁচ দিনব্যাপী রাসমেলা চলবে আগামী ২৮ নভেম্বর পর্যন্ত।

আয়োজক ও স্থানীয় সূত্রে জানা গেছে, উৎসবকে ঘিরে কলাপাড়ার মদন মোহন সেবাশ্রম এবং কুয়াকাটা রাধাকৃষ্ণ মন্দিরে এখন শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। দুই মন্দিরে ১৭ জোড়া করে রাধাকৃষ্ণের প্রতিমায় রংতুলির কাজ শেষ পর্যায়ে রয়েছে। প্রতিমা কারিগরেরা জানান, বৃষ্টির কারণে প্রতিমা শুকাতে কিছুটা সময় লাগলেও রোববারের মধ্যে সব কাজ সম্পন্ন হবে। পাশাপাশি কলাপাড়ার মদন মোহন সেবাশ্রমে তৈরি হচ্ছে রাসকুঞ্জ। মেলা উপলক্ষে দেশের বিভিন্ন স্থান থেকে ব্যবসায়ীরা এসে ইতিমধ্যে পসরা সাজাতে শুরু করেছেন।

প্রায় ২০০ বছর ধরে প্রতিবছর কার্তিক মাসের পূর্ণিমা তিথিতে কলাপাড়া ও কুয়াকাটায় এই রাস উৎসব ও গঙ্গাস্নান উদযাপিত হয়ে আসছে। আয়োজকদের প্রত্যাশা, এবারের গঙ্গাস্নান ও রাসমেলায় লক্ষাধিক পুণ্যার্থী ও পর্যটকের সমাগম ঘটবে। উৎসবকে কেন্দ্র করে দেশের বিভিন্ন প্রান্ত থেকে সনাতন ধর্মাবলম্বী নারী-পুরুষ কুয়াকাটা ও কলাপাড়ায় আসতে শুরু করেছেন।

উৎসবে আসা পুণ্যার্থী তিথি মিত্র ও উষা দে বলেন, পূর্ণিমার এই পুণ্য তিথির ঊষালগ্নে গঙ্গাপূজা ও স্নান করলে জাগতিক পাপ দূর হয়—এ বিশ্বাস থেকেই তারা প্রতিবছর এখানে আসেন।

কলাপাড়া মদন মোহন সেবাশ্রমের পুরোহিত নির্মল চক্রবর্তী বলেন, রাস পূর্ণিমার তিথিতে গঙ্গাস্নান করলে পুণ্য লাভ হয়। পুণ্যার্থীরা কুয়াকাটায় স্নান সেরে কলাপাড়া পৌর শহরের মদন মোহন সেবাশ্রমে নির্মিত রাসকুঞ্জ প্রদক্ষিণ করে ঈশ্বরের কাছে প্রার্থনা করেন।

এদিকে উৎসব ঘিরে কুয়াকাটা সমুদ্রসৈকতে পর্যটকদের ভিড় বাড়তে শুরু করেছে। তবে সৈকতের ব্যবস্থাপনা নিয়ে কিছু সমস্যার কথা জানিয়েছেন পর্যটকেরা। রাহুল দাস ও জীবন কৃষ্ণ নামের দুই পর্যটক বলেন, কুয়াকাটা সৈকত ছবির মতো সুন্দর হলেও রাতে আলোর পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় চলাচলে সমস্যা হচ্ছে। গঙ্গাস্নানের আগে সৈকতে আলো নিশ্চিত করা এবং পড়ে থাকা বালুর বস্তা অপসারণ না করলে দুর্ঘটনার ঝুঁকি রয়েছে।

কুয়াকাটা রাধাকৃষ্ণ মন্দির ও সেবাশ্রমের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার নিহার চন্দ্র জানান, সোমবার রাতভর মন্দিরে ধর্মীয় আলোচনা, গীতাপাঠ ও কীর্তন অনুষ্ঠিত হবে এবং মঙ্গলবার সূর্যোদয়ের আগে গঙ্গাস্নান সম্পন্ন হবে।

কলাপাড়া রাসমেলা উদযাপন কমিটির সভাপতি দেবাশীষ দাস কালা বলেন, ২৩ নভেম্বর শুরু হয়ে ২৮ নভেম্বর পর্যন্ত চলবে রাসের আনুষ্ঠানিকতা। উৎসব সফল করতে প্রশাসন ও স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ সর্বাত্মক সহযোগিতা করছেন। এছাড়া উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার সন্ধ্যায় কলাপাড়া হেলিপ্যাড মাঠে বাউল সংগীতের আয়োজন করা হয়েছে।

নিরাপত্তা ব্যবস্থার বিষয়ে কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশের পরিদর্শক নাজমুল হাসান বলেন, জেলা ও উপজেলা প্রশাসনের সঙ্গে উদযাপন কমিটির একাধিক বৈঠক হয়েছে। মন্দির এলাকা, সৈকত ও সড়কে কয়েক স্তরের নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফুজ্জামান বলেন, কলাপাড়া ও কুয়াকাটা ৫ দিন ব্যাপী রাস উৎসব শুরু হবে। ২৩ নভেম্বর রাত থেকেই প্রশাসনের ভ্রাম্যমাণ টহল শুরু হবে। বয়স্কদের জন্য গোসলে নামতে সিঁড়ি ব্যবস্থা ও গাড়ি পার্কিংয়ের জন্য স্থান নির্ধারণ করা হয়েছে।  ২৪ নভেম্বর গঙ্গাস্নানের সময় যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে নৌ পুলিশ ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল সার্বক্ষণিক নিয়োজিত থাকবে। এছাড়া থানা-পুলিশ, ট্যুরিস্ট পুলিশ, এসএসএফসহ অন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা মাঠে থাকবেন।

আরো পড়ুন

কাউখালীতে নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে সুমন মঞ্জুর নেতৃত্বে বিএনপির বিক্ষোভ মিছিল 

এস. এম. ইব্রাহীম, কাউখালী : দেশব্যাপী সন্ত্রাস,ভাঙচুর, নৈরাজ্য, অগ্নিসংযোগ, নাশকতামূলক কর্মকাণ্ড, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *