এস. এম. ইব্রাহীম, কাউখালী : দেশব্যাপী সন্ত্রাস,ভাঙচুর, নৈরাজ্য, অগ্নিসংযোগ, নাশকতামূলক কর্মকাণ্ড, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর হামলা ও থানায় অগ্নিসংযোগ এবং সম্প্রতি ভান্ডারিয়াতে বাসে আগুন দিয়ে মানুষ পোড়ানোর প্রতিবাদে পিরোজপুরের কাউখালীতে বিশাল বিক্ষোভ মিছিল ও পথসভা করেছে উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
রবিবার (২২ নভেম্বর) বিকেল প্রায় ৪ টায় উপজেলার চিরাপাড়া ব্রিজ সংলগ্ন অটোগাড়ি স্ট্যান্ড থেকে পিরোজপুর-২ আসনের সংসদ সদস্য ও গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহমেদ সোহেল মনজুরের নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি বের হয়। এতে কয়েক হাজার নেতাকর্মী ও সাধারণ জনগণ অংশ নেন।
উপজেলার চিরাপাড়া ব্রিজ সংলগ্ন অটোগাড়ি স্ট্যান্ড থেকে মিছিলটি দক্ষিণ বাজার বিএনপির নির্বাচনী কার্যালয়ের সামনে থেকে কাপুড়িয়া পট্টি ও পোস্ট অফিস সড়কসহ শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উত্তর বাজার ব্রিজের পাদদেশে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়।
পথসভায় প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী আহমেদ সোহেল মনজুর বলেন, বিএনপি কখনো আগুন সন্ত্রাস ও জ্বালাও-পোড়াওয়ের রাজনীতি করে না। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার জনগণের সরকার। এ সরকার উন্নয়ন ও জনকল্যাণে বিশ্বাসী। খুন, গুম, হত্যা, পেট্রোল বোমা ও নৈরাজ্যের রাজনীতি পরিহার করতে হবে। তিনি এসব নাশকতামূলক কর্মকাণ্ডের জন্য আওয়ামী লীগের পলাতক নেতাকর্মীদের দায়ী করে বলেন, গুপ্তভাবে বাসে আগুন দিয়ে মানুষ হত্যা, থানা জ্বালিয়ে দেওয়া এবং পুলিশ সদস্যদের ওপর হামলার মতো জঘন্য অপরাধ কোনোভাবেই বরদাশত করা হবে না। এসব অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যথেষ্ট।
দলীয় নেতাকর্মীদের সতর্ক করে প্রতিমন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রীর স্পষ্ট নির্দেশ—কেউ আইন নিজের হাতে তুলে নেবেন না। সরকারের উন্নয়ন কর্মকাণ্ড ত্বরান্বিত করতে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করতে হবে। পতিত সরকারের পলাতক নেতাকর্মীদের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের দূরত্ব বজায় রাখতে হবে। তাদের সহযোগিতায় কেউ এগিয়ে গেলে তিনি ভাই কিংবা আত্মীয় হলেও তার বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
দক্ষিণাঞ্চলকে উন্নয়নের রোল মডেল হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করে তিনি বলেন, হাটবাজার, দোকানপাট ও শিক্ষাপ্রতিষ্ঠানে যাতে কোনো ধরনের নাশকতা বা বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। ব্যবসায়ী ও দলীয় নেতাকর্মীদের নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।
এই মিছিল ও পথসভায় আরো উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান এস. এম আহসান কবির, সাধারণ সম্পাদক এইচ. এম দ্বীন মোহাম্মদ, সিনিয়র সহসভাপতি মনিরুজ্জামান মিয়া, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শফিউল আজম দুলাল, সাংগঠনিক সম্পাদক লিয়াকত হোসেন তালুকদার ও রফিকুল ইসলাম রফিক, উপজেলা যুবদলের আহ্বায়ক আসাদুজ্জামান মামুন তালুকদার, সদস্যসচিব শাফিউর রহমান সোহেল, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাহিদুর রহমান ফিরোজ, সদস্যসচিব রাকিব তালুকদার, শ্রমিক দলের সভাপতি আবু তাহের, সদস্য সচিব ইউসুফ আলী আকন, ছাত্রদলের আহ্বায়ক সুমন ও সদস্যসচিব সোয়েব সিদ্দিকী। বৈরী আবহাওয়ার মধ্যেও উপজেলার পাঁচটি ইউনিয়ন থেকে বিএনপি এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের শত শত নেতাকর্মী স্বতঃস্ফূর্তভাবে এই মিছিল ও পথসভায় অংশ গ্রহণ করেন।
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।