সোমবার, নভেম্বর ২৩, ২০২৬

কলাপাড়ায় স্বল্প আয়ের মানুষের জন্য সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি শুরু করল শিকদার ফুড অ্যান্ড বেভারেজ

মাহতাব হাওলাদার, মহিপুর প্রতিনিধি: নিত্যপ্রয়োজনীয় পণ্যের ঊর্ধ্বগতির বাজারে স্বল্প আয়ের মানুষের ব্যয় কমাতে পটুয়াখালীর কলাপাড়া পৌরসভায় সাশ্রয়ী মূল্যে নিত্যপণ্য সরবরাহ কার্যক্রম শুরু করেছে শিকদার ফুড অ্যান্ড বেভারেজ কোম্পানি।
সোমবার (২৩ নভেম্বর) দুপুর ১২টায় কলাপাড়া রুবান-সংলগ্ন হোটেল রুসাইবার সামনে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা বিএনপির যুববিষয়ক সম্পাদক, কলাপাড়া উপজেলা প্রেসক্লাবের ১ নম্বর সদস্য ও ব্যবসায়ী হাজী মো. আবুল হাসনাত রিমন শিকদার।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা প্রেসক্লাবের আহ্বায়ক মো. আকবর হোসেন, সদস্যসচিব মো. আরিফ শিকদার, সদস্য মো. রাসেল মোল্লা, শিকদার ফুড অ্যান্ড বেভারেজ কোম্পানির স্বত্বাধিকারী মো. মাসুদ শিকদার, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সজল বিশ্বাস, উপজেলা মৎস্যজীবী দলের সদস্যসচিব মো. ফকরুল ইসলামসহ প্রেসক্লাব, বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
কোম্পানি সূত্রে জানা গেছে, এ কার্যক্রমের আওতায় একজন ব্যক্তি ১০০ টাকা দিয়ে নিজের নামে একটি কার্ড সংগ্রহ করে নিবন্ধন করতে পারবেন। নিবন্ধিত কার্ডধারীরা প্রতি মাসে নির্ধারিত মূল্যে ১৩ ধরনের পণ্য কেনার সুযোগ পাবেন। পণ্যগুলোর মধ্যে রয়েছে ২৫ কেজি চাল, এক কেজি গরুর মাংস, এক কেজি মোটা লবণ, ১২৫ গ্রাম সাবান, ২০০ মিলিলিটার শ্যাম্পু, ২০০ মিলিলিটার সরিষার তেল, এক লিটার সয়াবিন তেল, এক কেজি আটা, ৫০০ গ্রাম লিকুইড ভিম, এক বক্স কয়েল, ১০০ গ্রাম টুথপেস্ট, এক কেজি মসুর ডাল ও একটি বাটি। প্রতিটি কার্ডের মাধ্যমে সর্বোচ্চ ২৪ মাস এ সুবিধা নেওয়া যাবে।
উদ্যোক্তাদের দাবি, এসব পণ্যের মোট মূল্য নির্ধারণ করা হয়েছে ২ হাজার ৫০০ টাকা। একই পণ্য প্রচলিত বাজারদরে কিনতে গেলে ক্রেতাদের অন্তত এক হাজার টাকার বেশি অতিরিক্ত ব্যয় হতে পারে।
উদ্বোধনী অনুষ্ঠানে হাজী মো. আবুল হাসনাত রিমন শিকদার বলেন, নিত্যপণ্যের দাম বাড়ায় সাধারণ মানুষ প্রতিনিয়ত আর্থিক সংকটে পড়ছেন। মানুষের এই দুর্ভোগ কিছুটা কমাতে এবং সেবার মানসিকতা থেকেই শিকদার ফুড অ্যান্ড বেভারেজ কোম্পানি সাশ্রয়ী মূল্যে পণ্য সরবরাহের উদ্যোগ নিয়েছে। এর মাধ্যমে কলাপাড়া পৌরবাসীর কাছে এ সুবিধা পৌঁছে দেওয়া হচ্ছে।
তিনি আরও জানান, গত কয়েক মাস ধরে কলাপাড়ার বিভিন্ন ইউনিয়নে এ কার্যক্রম পরিচালিত হচ্ছে। এর ধারাবাহিকতায় আগামীকাল পৌরসভার ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের ২৫০ জন কার্ডধারীর মধ্যে এ সুবিধা পৌঁছে দেওয়া হবে। পর্যায়ক্রমে পৌরসভার ১ থেকে ৯ নম্বর ওয়ার্ডে কার্যক্রমটি সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।
কোম্পানির স্বত্বাধিকারী মো. মাসুদ শিকদার বলেন, বাজারদরের ঊর্ধ্বগতিতে সাধারণ মানুষের কষ্টের কথা বিবেচনা করেই এ কর্মসূচি চালু করা হয়েছে। এর মাধ্যমে একজন কার্ডধারী দুই বছর পর্যন্ত নির্ধারিত সুবিধা পাবেন। উদ্যোগটি মানুষের নিত্যদিনের বাজার খরচ কমাতে সহায়ক হবে বলে আশা করছেন তাঁরা। সাধারণ মানুষের কাছ থেকে ভালো সাড়া পেলে এ কার্যক্রম অব্যাহত রাখা হবে।
স্থানীয় পর্যায়ে এ ধরনের উদ্যোগ স্বল্প আয়ের মানুষের নিত্যপ্রয়োজনীয় পণ্য কেনার ব্যয় কমাতে কতটা ভূমিকা রাখে, তা নির্ভর করবে পণ্যের গুণগত মান, নিয়মিত সরবরাহ এবং ঘোষিত দামের সঙ্গে বাজারদরের প্রকৃত পার্থক্যের ওপর।

আরো পড়ুন

‘মাদকের  বিস্তার রোধে খেলাধূলাকে এগিয়ে নিতে হবে’ -ভোলা জেলা প্রশাসক

এরশাদ সোহেল: ভোলা জেলা প্রশাসক ডা.শামীম রহমান বলেছেন ‘মাদকের বিস্তার রোধে খেলাধুলাকে এগিয়ে নিতে হবে, …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *