নিজস্ব প্রতিবেদক
বরিশালে যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে নগরীর কেন্দ্রীয় শহীদ মিনারে একুশের প্রথম প্রহরে শ্রদ্ধা নিবেদন করতে ভিড় করেন নানান শ্রেণি পেশার মানুষ। রাত সাড়ে ১১টার মধ্যে পুরো শহীদ মিনার এলাকায় শ্রদ্ধা জানাতে আসেন বিভিন্ন সংগঠনসহ সাধারণ মানুষ। রাত ১২টা ১মিনিটে প্রথমেই শহীদ বেদীতে ফুলের শ্রদ্ধা নিবেদন করেন বরিশালের বিভাগীয় কমিশনার মোহাম্মদ মাহফুজুর রহমান। এর পর পরই শ্রদ্ধা নিবেদন করেন বরিশাল রেঞ্জ ডিআইজি মো. মঞ্জুর মোর্শেদ আলম, পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম ও জেলা প্রশাসক মো. খায়রুল আলম সুমন। এরপরে বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান এবং রাজনৈতিক-সামাজিক সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়। এছাড়া শ্রদ্ধা নিবেদন করেছেন বরিশাল-৬ আসনের এমপি আবুল হোসেন খান। দিবসটি উপলক্ষে শহীদ মিনারে শ্রদ্ধা জানান, বরিশাল জেলা দক্ষিণ বিএনপির আহবায়ক আবুল হোসেন খান, সদস্য সচিব এ্যাড. আবুল কালাম শাহিন, বরিশাল মহানগর বিএনপির আহবায়ক মনিরুজ্জামান খান ফারুক, সদস্য সচিব জিয়া উদ্দিন শিকদার জিয়াসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। এসময় শ্রদ্ধা নিবেদন করতে আসা আগতরা জানান, ‘৭১-এর মুক্তিযুদ্ধকে লালন করে সকলে মিলে নতুন একটি বাংলাদেশ গড়তে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে। এতে আগামীর বাংলাদেশ একটি সুন্দর বাংলাদেশ হিসেবে প্রতিষ্ঠিত হবে এমন প্রত্যাশা সবার।
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।