বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ২৬, ২০২৬

তথ্য ও সম্প্রচার মন্ত্রীর ১০ দিন

আযাদ আলাউদ্দীন
১৭ ফেব্রুয়ারি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণ করে ১০ দিন অতিবাহিত করলেন এমপি জহির উদ্দিন স্বপন। আওয়ামী জাহেলিয়াতের দু:সময় বিএনপির মিডিয়া সেলের আহবায়ক হিসেবে দায়িত্বপালনকালে অনেক গণমাধ্যমকর্মীর সাথেই তাঁর সুসম্পর্ক গড়ে ওঠে। তখন মেইন স্ট্রিমের অধিকাংশ মিডিয়া হাসিনা বন্দনায় ব্যস্ত থাকতো। বিএনপি-জামায়াতের বিরুদ্ধে কাল্পনিক গল্প রচনা করতো কতিপয় মিডিয়া (অবশ্য তারা এখন বোল পাল্টেছে)। তখন বিএনপির মিডিয়া সেলের ভেরিফায়েড ফেসবুক পেজটিই ছিলো লাখো নেতাকর্মীর আশার আলো এবং নির্ভরতার স্থল। প্রতিকূল পরিস্থিতির মুখে তখন বিএনপির সকল দলীয় কার্যক্রমের বিস্তারিত বিবরণ পাওয়া যেতো এই পেজে। এই মিডিয়া সেলে অনেকেই সহযোগী হিসেবে কাজ করলেও আহবায়ক হিসেবে কান্ডারির ভূমিকায় ছিলেন জহির উদ্দিন স্বপন। কঠিন সময়ে সেই দায়িত্ব পালনকালে একাধিকবার গ্রেফতারও হয়েছেন তিনি। জেল থেকে ফিরে আবার হাল ধরেছেন মিডিয়া সেলের। অতীতের সেই আন্তরিকতা ও ত্যাগের কারণেই প্রধানমন্ত্রী তারেক রহমান বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসন থেকে বিপুল ভোটে নির্বাচিত সংসদ সদস্য জহির উদ্দিন স্বপনকে তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব অর্পন করেছেন। দায়িত্ব গ্রহণের শুরুতেই তিনি বাংলাদেশের সাংবাদিকদের সর্বোচ্চ মর্যাদার স্থান জাতীয় প্রেসক্লাবে গিয়ে সাংবাদিক নেতৃবৃন্দের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। এসময় জাতীয় প্রেসক্লাব এবং বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দ তাকে শুভেচ্ছা জানান। পয়লা রমজান প্রথম দিনের ইফতার তিনি করেছেন জাতীয় প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে। তিনি মন্ত্রী হওয়ার পর প্রথম বরিশাল এসে বিভাগীয় ও জেলা প্রশাসন আয়োজিত একুশে ফেব্রুয়ারির অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন। এরপরই ছুটে আসেন বরিশাল প্রেসক্লাবে। গণমাধ্যম বান্ধব মানুষ হওয়ায় বরিশালের অধিকাংশ সংবাদকর্মীর সাথেই রয়েছে তাঁর নিবিড় সুসম্পর্ক। সেদিন বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়নের পক্ষ থেকে তাকে ফুলেল শুভেচ্ছা জানানোর পর সংক্ষিপ্ত বক্তৃতায় সরাসরি বলেছিলাম- গণমাধ্যম সংস্কার কমিশন বিগত এক বছরেরও বেশি সময় ধরে মাঠ পর্যায়ের সাংবাদিকদের সাথে কথা বলে- যেসব প্রস্তাবনা তথ্য মন্ত্রণালয়ে জমা দিয়েছে, সে আলোকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করলে সমগ্র বাংলাদেশের গণমাধ্যম এবং সাংবাদিকরা উপকৃত হবেন। তিনি বিষয়টি নোট নিয়েছেন- দেখা যাক কী হয়। এরপর বরিশাল থেকে তিনি ছুটে যান নিজ নির্বাচনী এলাকা গৌরনদী এবং আগৈলঝাড়ায়। সেখানে গিয়ে তিনি সর্বস্তরের মানুষের সাথে কুশল বিনিময় এবং শহীদ জিয়ার খাল খনন ও সংস্কার কর্মসূচির উদ্বোধন করেন। এসব কর্মসূচির বাইরেও তিনি গৌরনদী এবং আগৈলঝাড়া প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন। যে মন্ত্রী দায়িত্ব গ্রহণের এক সপ্তাহের শত ব্যস্ততার মধ্যেই জাতীয় প্রেসক্লাব, বরিশাল প্রেসক্লাব এবং গৌরনদী প্রেসক্লাবে (রাজধানী-থেকে গ্রাম) নিজ উদ্যোগে গিয়ে সাংবাদিকদের সুখ-দু:খের কথা শুনেছেন এবং সম্ভাব্য সমস্যাগুলো সমাধানের আশ্বাস দিয়েছেন। আমরা তাতে ভীষণ আশাবাদী। একই সাথে বাংলাদেশ সংবাদ সংস্থা- বাসসের সংকট নিরসনে তদন্ত কমিটি গঠন, বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারকে গণমুখী করার উদ্যোগ গ্রহণ করেছেন। সারাদেশের পাশাপাশি দক্ষিণাঞ্চলের মানুষের জীবন-মান উন্নয়নে ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন এমপি। ২৭ ফেব্রুয়ারি শুক্রবার তিনি বরিশাল প্রেসক্লাবের প্রয়াত সদস্যদের স্মরণে আয়োজিত ‘স্বজন স্মরণ’ ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বলে জানিয়েছেন- বরিশাল প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু।

আরো পড়ুন

বিসাসের ইফতার ও আলোচনা সভা অনুষ্ঠিত 

ববি প্রতিনিধি  বরিশাল বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (ববিসাস) ইফতার ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *