বুলবুল আহমেদ, ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠির রাজাপুর পাক হানাদারমুক্ত দিবস আজ ২৩ নভেম্বর। ১৯৭১ সালের এই দিনে বরিশাল অঞ্চলের মধ্যে প্রথম থানা হিসেবে পাক হানাদারমুক্ত হয় রাজাপুর। মুক্তিযোদ্ধাদের সঙ্গে দীর্ঘ সম্মুখযুদ্ধের পর পাক পুলিশ ও রাজাকাররা আত্মসমর্পণ করলে স্বাধীন বাংলাদেশের পতাকা ওড়ে রাজাপুরের আকাশে।
মুক্তিযুদ্ধের শেষ পর্যায়ে ১৪ নভেম্বরের পর রাজাপুরে যুদ্ধের তীব্রতা বাড়তে থাকে। স্থানীয় দোসরদের সহযোগিতায় পাক হানাদার বাহিনী সাধারণ মানুষকে ধরে এনে বধ্যভূমিসংলগ্ন থানার ঘাটে বেঁধে গুলি করে হত্যা করত। পরে মরদেহ ফেলে দেওয়া হতো খালে। তৎকালীন ছাত্রলীগ নেতা আবুল কালাম আজাদকে জাঙ্গালিয়া নদীর পাড়ে গর্ত করে জীবন্ত মাটিচাপা দেয় হানাদার বাহিনী।
এরই ধারাবাহিকতায় ২২ নভেম্বর রাতে রাজাপুর থানা আক্রমণের পরিকল্পনা করেন মুক্তিযোদ্ধারা। তৎকালীন থানা কমান্ডার মো. কেরামত আলী আজাদের নেতৃত্বে প্রায় ৩০০ মুক্তিযোদ্ধা চারদিক থেকে থানা ঘিরে আক্রমণ শুরু করেন। শুরু হয় তুমুল সম্মুখযুদ্ধ। পরদিন সকাল পর্যন্ত চলে লড়াই। এ সময় ৯ নম্বর সেক্টরের বরিশাল সাবসেক্টর কমান্ডার ক্যাপ্টেন শাহজাহান ওমরও মুক্তিযোদ্ধাদের সঙ্গে যোগ দেন। প্রায় পাঁচ ঘণ্টার যুদ্ধ শেষে পাক পুলিশ ও রাজাকাররা আত্মসমর্পণ করে। মুক্ত হয় রাজাপুর।
এ যুদ্ধে আব্দুর রাজ্জাক ও মো. হোছন আলী নামে দুই মুক্তিযোদ্ধা শহীদ হন। ক্যাপ্টেন শাহজাহান ওমরসহ অন্তত ১০ জন মুক্তিযোদ্ধা আহত হন। মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ স্বাধীনতার পর ক্যাপ্টেন শাহজাহান ওমরকে ‘বীর উত্তম’ খেতাবে ভূষিত করা হয়।
মুক্তিযুদ্ধের সময় দেশকে ১১টি সেক্টরে বিভক্ত করা হয়েছিল। রাজাপুর ছিল ৯ নম্বর সেক্টরের বরিশাল সাবসেক্টরের অধীনে। উপজেলার কানুদাসকাঠিতে সাবসেক্টর কমান্ডার ক্যাপ্টেন শাহজাহান ওমরের নেতৃত্বে মুক্তিযোদ্ধাদের একটি ঘাঁটি গড়ে তোলা হয়েছিল।
সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মো. শাহ-আলম নান্নু বলেন, ২২ নভেম্বর রাত ৪টার দিকে মুক্তিযোদ্ধারা একযোগে চারদিক থেকে রাজাপুর থানা আক্রমণ করেন। প্রায় পাঁচ ঘণ্টা যুদ্ধের পর পাক পুলিশ ও রাজাকাররা আত্মসমর্পণ করে। এ যুদ্ধে প্রায় ৩০০ মুক্তিযোদ্ধা অংশ নেন। দুই মুক্তিযোদ্ধা শহীদ হন এবং ক্যাপ্টেন শাহজাহান ওমরসহ অন্তত ১০ জন আহত হন। ওই দিন রাজাপুরের আকাশে প্রথম স্বাধীন বাংলাদেশের পতাকা ওড়ে।
পাক হানাদার বাহিনীর হাতে থানার ঘাটে নিহতদের স্মরণে সেখানে নির্মাণ করা হয়েছে স্মৃতিস্তম্ভ। প্রতি বছর ২৩ নভেম্বর রাজাপুরে নানা আয়োজনে পাক হানাদারমুক্ত দিবস স্মরণ করা হয়। দিবসটি পালন করে রাজাপুর প্রেসক্লাব। এ বছরও প্রেসক্লাবের উদ্যোগে উপজেলার উত্তর উত্তমপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হবে বলে জানা গেছে।
মুক্তিযুদ্ধের গৌরব, বীরত্ব আর আত্মত্যাগের স্মৃতিবিজড়িত ২৩ নভেম্বর রাজাপুরের ইতিহাসে এক অবিস্মরণীয় দিন।
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।