মুঃ মাকসুদুর রহমান, জেলা প্রতিনিধি ভোলা
ভোলার সদর উপজেলার পূর্ব ইলিশা ইউনিয়নে স্বামীর সঙ্গে পারিবারিক বিরোধের জেরে সামিয়া বেগম (১৯) নামে এক গৃহবধূর মৃত্যুর ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
শুক্রবার (৩ জুলাই) দিবাগত রাত দেড়টার দিকে পূর্ব ইলিশা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। নিহত সামিয়া বেগম ওই এলাকার বাসিন্দা রাকিব হোসেনের স্ত্রী। পারিবারিকভাবে প্রায় দুই বছর আগে তাদের বিয়ে হয়েছিল। তারা সম্পর্কে চাচাতো ভাই-বোন ছিলেন।
পারিবারিক সূত্রে জানা যায়, বিয়ের পর প্রথমদিকে তাদের সংসার স্বাভাবিকভাবে চললেও পরবর্তীতে বিভিন্ন পারিবারিক বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে মতবিরোধ সৃষ্টি হয়। ঘটনার দিন দুপুরে তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে তাদের মধ্যে কথা-কাটাকাটি হয়। রাতে রাকিব বাড়িতে ফিরে স্ত্রীকে বোঝানোর চেষ্টা করলেও পরিস্থিতির উন্নতি হয়নি। একপর্যায়ে তিনি ঘর থেকে বের হয়ে যান।
কিছুক্ষণ পর ফিরে এসে স্ত্রীর কোনো সাড়া না পেয়ে তিনি ডাকাডাকি শুরু করেন। পরে স্থানীয়দের সহায়তায় ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করলে সামিয়াকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। দ্রুত তাকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতের স্বামী রাকিব হোসেন জানান, দুপুরের ঝগড়ার পর রাতে তিনি স্ত্রীকে শান্ত করার চেষ্টা করেছিলেন। তবে অভিমানের কারণে পরিস্থিতি আরও জটিল হয়ে পড়ে।
এ বিষয়ে ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।