সোমবার, জুলাই ১৩, ২০২৬

সাগরে মাছের আকাল, ডিজেল সংকটে জেলে বিপর্যস্ত: দারিদ্র্যের দুষ্টচক্রে বরগুনার উপকূল

আবু জিহাদ আমতলী প্রতিনিধিঃ 
বঙ্গোপসাগরের কোলঘেঁষা বরগুনার বিস্তীর্ণ উপকূলজুড়ে এক অদৃশ্য সংকট দিন দিন প্রকট হয়ে উঠছে। সাগরে মাছের অপ্রতুলতা আর তীব্র ডিজেল সংকটে বিপর্যস্ত হয়ে পড়েছে হাজার হাজার জেলে পরিবার। মাছের ভাণ্ডারখ্যাত এই জনপদেই এখন জেলেদের জীবনে নেমে এসেছে হতাশা, অনিশ্চয়তা আর দারিদ্র্যের ঘন অন্ধকার।
সরেজমিনে তালতলী, পাথরঘাটা, আমতলী ও বেতাগী উপজেলার বিভিন্ন জেলেপল্লী ঘুরে দেখা গেছে, আগের মতো আর জালে ধরা পড়ছে না মাছ। দিনের পর দিন সাগরে থেকেও অনেক ট্রলার ফিরছে প্রায় খালি হাতে। এতে যেমন বাড়ছে লোকসান, তেমনি সংসারের চাকা ঘোরানো হয়ে পড়েছে অসম্ভব।
জেলেদের অভিযোগ, সমুদ্রে যেতে হলে সবচেয়ে বড় বাধা এখন জ্বালানি তেল। ডিজেলের দাম বৃদ্ধি ও সরবরাহ সংকটের কারণে অনেক ট্রলার নিয়মিত সাগরে যেতে পারছে না। যারা যাচ্ছেন, তারাও খরচ তুলতে পারছেন না। মাছ কম, খরচ বেশি এই দ্বৈত চাপে দিশেহারা জেলে সমাজ।
বরগুনা সদরের কালিরতবক গ্রামের জেলে মোঃ আব্দুর রহিম বলেন, ‘আগে এক ট্রিপে যে মাছ পেতাম, এখন তার অর্ধেকও পাই না। তার ওপর ডিজেলের দাম এত বেশি, সাগরে যাওয়া মানেই লোকসান। ঋণ করে যাই, ঋণ নিয়েই ফিরি।’
এদিকে আড়তদার ও মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্যে মাছের ন্যায্য মূল্য থেকেও বঞ্চিত হচ্ছেন জেলেরা। বাধ্য হয়ে কম দামে মাছ বিক্রি করতে হয়, ফলে ঋণের বোঝা দিন দিন আরও ভারী হচ্ছে। অনেকেই এনজিও বা মহাজনের কাছ থেকে উচ্চ সুদে ঋণ নিয়ে এখন ঋণচক্রে বন্দি।
এই সংকটের প্রভাব পড়ছে জেলে পরিবারের প্রতিটি স্তরে। অভাবের কারণে অনেক শিশু স্কুলছুট হয়ে পড়ছে, কেউ কেউ ঝুঁকিপূর্ণ শ্রমে জড়িয়ে যাচ্ছে। চিকিৎসা ব্যয় বহন করতে না পেরে অসুস্থতা নিয়েই দিন কাটাতে হচ্ছে অনেককে।
স্থানীয়দের অভিযোগ, সরকারি সহায়তা ও প্রণোদনা কার্যক্রমে রয়েছে নানা অনিয়ম। প্রকৃত জেলেদের তালিকায় বাদ পড়ছেন অনেকেই, আবার অপ্রকৃতরা সুবিধা পাচ্ছেন, এমন অভিযোগও রয়েছে। ফলে যারা সবচেয়ে বেশি বিপদে, তারাই থাকছেন সহায়তার বাইরে।
বরগুনা জেলা নাগরিক অধিকার সংরক্ষণ কমিটির সাধারণ সম্পাদক মনির হোসেন কামাল বলেন, ‘সাগরে মাছের সংকট ও জ্বালানি সমস্যাকে বিবেচনায় নিয়ে জেলেদের জন্য বিশেষ সহায়তা প্রয়োজন। ন্যায্যমূল্য নিশ্চিত করা, সহজ শর্তে ঋণ প্রদান, বিকল্প কর্মসংস্থান সৃষ্টি এবং সঠিকভাবে সরকারি সহায়তা পৌঁছে দেওয়ার কোনো বিকল্প নেই।’
উপকূলের জেলেপল্লীগুলোতে এখন প্রতিদিনই চলছে টিকে থাকার লড়াই। সাগরের ঢেউয়ের সঙ্গে যুদ্ধ করে জীবন চালানো এসব মানুষের জন্য মাছের প্রাচুর্য আর স্বস্তির দিন যেন কেবলই অতীত স্মৃতি। বাস্তবতা এখন- মাছের সাগরে থেকেও অন্নের সংকটে দিন কাটানো এক অসহায় জীবন।

আরো পড়ুন

১৮ জুলাই বরিশাল বিভাগীয় সমাবেশ সফল করতে কোতয়ালী উত্তর থানার প্রস্তুতি সভা

দল-মত নির্বিশেষে ১৮ জুলাইয়ের বিভাগীয় সমাবেশে অংশগ্রহণের আহ্বান — মাওলানা জহির উদ্দিন মুহাম্মদ বাবর আসন্ন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *