চরফ্যাশন প্রতিনিধিঃ
ভোলার চরফ্যাশনে মায়া নদীতে গোসল করতে নেমে আলমগীর (৩৫) নামে এক ইটভাটার শ্রমিক নিখোঁজ হয়েছেন। শুক্রবার (১০ এপ্রিল) সকালে উপজেলার শশীভূষণ থানাধীন এওয়াজপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।
নিখোঁজ আলমগীর শরিয়তপুর জেলার ঘোষেরহাট থানার কৈলছুরি পাতারচর এলাকার ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং আবদুর রহমান খাঁর ছেলে। তিনি গত বছরের ডিসেম্বর মাসে শরিয়তপুরের আব্বাস ও হযরত আলীর নেতৃত্বে কাজের উদ্দেশ্যে চরফ্যাশনে এসে মেসার্স ফাহিম ব্রিকসে শ্রমিক হিসেবে কাজ করছিলেন।
স্থানীয় ও সহকর্মী সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো শুক্রবার সকালেও কয়েকজন শ্রমিক মেসার্স ফাহিম ব্রিকসের দক্ষিণ পাশে অবস্থিত মায়া নদীতে গোসল করতে যান। গোসলের একপর্যায়ে আলমগীরকে আর দেখতে না পেয়ে সহকর্মীরা খোঁজাখুঁজি শুরু করেন। পরে নদীর তীরে তার ব্যবহৃত লুঙ্গি, ব্রাশ ও জুতা পড়ে থাকতে দেখে তাদের সন্দেহ আরও ঘনীভূত হয়।
আলমগীরের সহকর্মী মোসারফ হোসেন জানান, তিনি দীর্ঘদিন ধরে মৃগী রোগে ভুগছিলেন। ধারণা করা হচ্ছে, গোসলের সময় হঠাৎ অসুস্থ হয়ে পানিতে তলিয়ে যেতে পারেন।
ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিক অনুসন্ধান চালায়। পাশাপাশি বরিশাল থেকে ডুবুরি দল চাওয়া হয়েছে, তারা পৌঁছালে উদ্ধার অভিযান আরও জোরদার করা হবে।
ফাহিম ব্রিকসের ম্যানেজার আব্বাস উদ্দিন জানান, সকাল সাড়ে ৭টা থেকে আলমগীর নিখোঁজ রয়েছেন। সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজি করেও এখন পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যায়নি।
শশীভূষণ থানার উপ-পরিদর্শক সাজেদুর রহমান বলেন, ফায়ার সার্ভিস ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং ডুবুরি দলকে খবর দেওয়া হয়েছে। তারা পৌঁছালে পুনরায় উদ্ধার অভিযান শুরু হবে।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত নিখোঁজ শ্রমিক আলমগীরকে উদ্ধার করা সম্ভব হয়নি। ঘটনায় এলাকাজুড়ে উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে।
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।