পিরোজপুর প্রতিনিধি : আসন্ন পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে পিরোজপুর সদর উপজেলায় গবাদিপশুর ঔষধ বিক্রয়কারী কয়েকটি দোকানে মোবাইল কোর্ট পরিচালনা করেছে জেলা প্রশাসন। অভিযানে মেয়াদোত্তীর্ণ স্টেরয়েড ঔষধ সংরক্ষণের দায়ে এক দোকানিকে ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
রোববার (১১ মে) পিরোজপুর সদর উপজেলার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসকের কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তানভীর আহমেদ জয়।
জেলা প্রশাসন সূত্রে জানা যায়, কোরবানির পশু মোটাতাজাকরণে ক্ষতিকর স্টেরয়েড ও নিষিদ্ধ ঔষধ ব্যবহারের প্রবণতা ঠেকাতে নিয়মিত তদারকির অংশ হিসেবে এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় গবাদিপশুর ঔষধ বিক্রয়কারী তিনটি দোকান পরিদর্শন করা হয়।
অভিযানকালে একটি দোকানে মেয়াদোত্তীর্ণ স্টেরয়েড ঔষধ সংরক্ষণের প্রমাণ পাওয়ায় ভোক্তা অধিকার ও সংশ্লিষ্ট আইনে ২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এছাড়া অন্যান্য দোকানদারদের স্টেরয়েডজাত ঔষধের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতন করা হয় এবং গবাদিপশুর জন্য এ ধরনের ঔষধ বিক্রি ও ব্যবহার থেকে বিরত থাকার নির্দেশনা দেওয়া হয়।
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তানভীর আহমেদ জয় বলেন, “জনস্বাস্থ্য সুরক্ষা ও নিরাপদ প্রাণিসম্পদ ব্যবস্থাপনা নিশ্চিত করতে জেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। কোরবানির পশু মোটাতাজাকরণে কোনো ধরনের ক্ষতিকর ও নিষিদ্ধ ঔষধ ব্যবহার করা হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
জেলা প্রশাসন জানিয়েছে, নিরাপদ খাদ্য ও জনস্বার্থ রক্ষায় ভবিষ্যতেও এ ধরনের ভ্রাম্যমাণ আদালতের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।