নিজস্ব প্রতিবেদক
পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য মাসুদ সাঈদীকে জড়িয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য প্রচারের ঘটনায় তীব্র প্রতিবাদ জানানো হয়েছে।
আজ সকালে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে মাসুদ সাঈদীর ব্যক্তিগত সহকারী ফরহাদ হোসেন বলেন, গতকাল রাত থেকে পিরোজপুরের কয়েকটি ভুয়া ফেসবুক পেজ এবং রাজনৈতিক পরিচয়ধারী কিছু ব্যক্তি উদ্দেশ্যপ্রণোদিতভাবে অনলাইনে মাসুদ সাঈদী এমপিকে নিয়ে অপপ্রচার চালাচ্ছেন।
বিবৃতিতে বলা হয়, “আলী শেখ” নামের এক ব্যক্তির সঙ্গে তোলা কিছু ছবি ব্যবহার করে তাকে মাসুদ সাঈদীর ঘনিষ্ঠ ব্যক্তি, ব্যক্তিগত সহকারী কিংবা একান্ত সহকর্মী হিসেবে উপস্থাপন করা হচ্ছে, যা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন।
এতে আরও বলা হয়, নির্বাচনের সময় ও বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতে অসংখ্য মানুষ মাসুদ সাঈদীর সঙ্গে ছবি তুলেছেন। গণসমাবেশ ও জনসভায় অনেকেই তার আশেপাশে অবস্থান করতেন। সে সময় সবার পরিচয় জানা বা ব্যক্তিগতভাবে চেনা সম্ভব ছিল না।
বিবৃতিতে উল্লেখ করা হয়, আলোচিত আলী শেখও তেমনই একজন ব্যক্তি ছিলেন। তিনি নিজেকে একজন গেজেটেড জুলাই যোদ্ধা হিসেবে পরিচয় দিয়ে বিভিন্ন কর্মসূচিতে উপস্থিত হতেন এবং সে সূত্রেই মাসুদ সাঈদীর সঙ্গে ছবি তুলেছিলেন।
পরবর্তীতে তার সম্পর্কে এলাকায় কিছু নেতিবাচক তথ্য পাওয়ার পর তাকে সতর্ক করা হয় এবং ভবিষ্যতে সংসদ সদস্য মাসুদ সাঈদীর কোনো কর্মসূচিতে অংশ না নেওয়ার জন্য বলা হয়। বিষয়টি এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ অনেকেই অবগত রয়েছেন বলেও বিবৃতিতে দাবি করা হয়।
বিবৃতিতে আরও বলা হয়, “দোষী যে-ই হোক না কেন, তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হোক—আমরাও সেটাই চাই। তবে একটি বিচ্ছিন্ন ঘটনাকে কেন্দ্র করে উদ্দেশ্যমূলকভাবে সংসদ সদস্য মাসুদ সাঈদীর নাম জড়িয়ে তার সম্মান ক্ষুণ্ন করার অপচেষ্টা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।”
এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে প্রয়োজন হলে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়েছে।
এছাড়া জাতীয় নির্বাচনে পরাজিত প্রতিপক্ষের একটি মহল পরিকল্পিতভাবে ভুয়া ফেসবুক পেজ ও আইডি ব্যবহার করে মাসুদ সাঈদী এমপির বিরুদ্ধে ধারাবাহিক অপপ্রচার চালাচ্ছে বলেও অভিযোগ করা হয়।
সবশেষে, মাসুদ সাঈদীর পক্ষ থেকে এ ধরনের মিথ্যা ও বিভ্রান্তিকর প্রচারণার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে।
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।