মাহতাব হাওলাদার, মহিপুর : আসন্ন কলাপাড়া পৌর শহর ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের নির্বাচনে সাধারণ সম্পাদক পদে প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ব্যবসায়ী মহলে সুপরিচিত, সবার প্রিয়জন, ব্যবসায়ী-বান্ধব ব্যক্তিত্ব এবং ঐতিহ্যবাহী কলাপাড়া প্রেসক্লাবের সদস্য সৈয়দ মো. রাসেল।
সোমবার (৮ জুন) দুপুরে তিনি নির্বাচন কমিশনার ও উপজেলা সমবায় কর্মকর্তার কার্যালয় থেকে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র সংগ্রহ করেন। এ সময় তাঁর সমর্থক, শুভাকাঙ্ক্ষী ও ব্যবসায়ী সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
আগামী ১১ জুলাই অনুষ্ঠিতব্য নির্বাচনে সমিতির সম্মানিত ভোটার সদস্যদের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে সাধারণ সম্পাদক পদপ্রার্থী সৈয়দ মো. রাসেল সকলের দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করেন। তিনি বলেন, ব্যবসায়ীদের কল্যাণ, সমিতির উন্নয়ন এবং সদস্যদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে তিনি সবসময় কাজ করে গেছেন এবং ভবিষ্যতেও সেই ধারাবাহিকতা বজায় রাখতে চান।
সৈয়দ মো. রাসেল বলেন, “গত নির্বাচনে আমি মাত্র ১৪ ভোটের ব্যবধানে পরাজিত হয়েছিলাম। নির্বাচনে জয়-পরাজয় থাকবেই, এটি গণতান্ত্রিক প্রক্রিয়ার অংশ। কিন্তু নির্বাচনে পরাজিত হওয়ার পরও আমি কখনো ব্যবসায়ীদের কাছ থেকে দূরে সরে যাইনি। তাদের সুখে-দুঃখে, প্রয়োজনে-অপ্রয়োজনে সবসময় পাশে থেকেছি। ব্যবসায়ীদের স্বার্থে কাজ করেছি এবং ভবিষ্যতেও তাদের পাশে থেকে কাজ করে যেতে চাই।”
তিনি আরও বলেন, “কলাপাড়া শহর ব্যবসায়ী সমিতি শুধু একটি সংগঠন নয়, এটি ব্যবসায়ীদের অধিকার, ঐক্য ও মর্যাদার প্রতীক। এই ঐতিহ্যবাহী সংগঠনকে আরও শক্তিশালী, আধুনিক ও ব্যবসায়ী-বান্ধব প্রতিষ্ঠানে রূপ দিতে আমি সকলের সহযোগিতা কামনা করছি।”
পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলার অন্যতম ঐতিহ্যবাহী ব্যবসায়ী সংগঠন কলাপাড়া পৌর শহর ব্যবসায়ী সমবায় সমিতি দীর্ঘদিন ধরে স্থানীয় ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণ, ঐক্য প্রতিষ্ঠা এবং ব্যবসাবান্ধব পরিবেশ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।
মনোনয়নপত্র সংগ্রহের পর ব্যবসায়ী ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ লক্ষ্য করা যায়। অনেকেই আশা প্রকাশ করেছেন, আগামী নির্বাচনে যোগ্য, অভিজ্ঞ ও ব্যবসায়ীদের সুখ-দুঃখের সাথী নেতৃত্ব নির্বাচিত হবে এবং সমিতির উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল হবে।
সাধারণ সম্পাদক পদপ্রার্থী সৈয়দ মো. রাসেল সকলের ভালোবাসা, দোয়া ও সমর্থন প্রত্যাশা করে বলেন, “আমি পদ নয়, ব্যবসায়ীদের আস্থা অর্জন করতে চাই। আপনাদের বিশ্বাস ও ভালোবাসাই আমার সবচেয়ে বড় শক্তি।”
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।