সোমবার, অক্টোবর ৫, ২০২৬

বরিশালে উদ্যোক্তাদের মাঝে চেক এবং গাছের চারা বিতরণ করলেন এমপি সরোয়ার

নিজস্ব প্রতিবেদক।।

‘উন্নত পল্লী সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যে বরিশালে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উদ্‌যাপিত হয়। দিবসটি উদ্‌যাপন উপলক্ষে সোমবার সকাল ১১ টায় নগরীর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালি শেষে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড বরিশালের আয়োজনে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের কনফারেন্স রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বরিশাল-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মোঃ মজিবর রহমান সরওয়ার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন।

প্রধান অতিথি তাঁর বক্তৃতায় বলেন, আধুনিক ও কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে আমাদের তরুণ-তরুণীদের তথ্য প্রযুক্তিনির্ভর বিভিন্ন  কর্মমুখী বিষয়ে প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করে গড়ে তুলতে পারলে তারা দেশে-বিদেশে কর্মসংস্থানের সুযোগ পাবে। ফলে দেশে বেকারত্বের হার হ্রাস পাওয়ার পাশাপাশি জাতীয় অর্থনীতিও শক্তিশালী হবে।

জনশক্তির গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, দেশের টেকসই উন্নয়ন ও অর্থনৈতিক অগ্রগতির অন্যতম প্রধান শর্ত হলো দক্ষ জনশক্তি গড়ে তোলা। বর্তমান বিশ্বে প্রতিযোগিতামূলক শ্রমবাজারে টিকে থাকতে হলে যুবসমাজকে আধুনিক ও যুগোপযোগী দক্ষতায় প্রশিক্ষিত হওয়ার বিকল্প নেই। সরকারি ও বেসরকারি উদ্যোগে প্রশিক্ষণ কেন্দ্রের সংখ্যা বৃদ্ধি, প্রশিক্ষণের মানোন্নয়ন এবং কর্মসংস্থানের সঙ্গে প্রশিক্ষণের সমন্বয় সাধনের উপর গুরুত্ব দিতে হবে। এসময় তিনি পুরুষের ন্যায় নারীদের জন্যও প্রশিক্ষণের সমান সুযোগ নিশ্চিত করতে হবে বলে উল্লেখ করেন।

অনুষ্ঠানে বিভাগীয় কমিশনার খলিল আহমেদ এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন বরিশাল রেঞ্জ ডিআইজি মোঃ মোস্তাফিজুর রহমান, টিটিসির অধ্যক্ষ প্রকৌশলী মোঃ গোলাম কবির, সদর উপজেলা বিএনপির আহ্বায়ক নুরুল আমিন।

অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড বরিশালের যুগ্ম পরিচালক শহীদ উল্লাহ। এসময় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, প্রশিক্ষণার্থী, উদ্যোক্তা ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের উদ্যোগে বিভিন্ন উদ্যোক্তাদের মাঝে ৮ লাখ ৫০ হাজার টাকার চেক এবং বিভিন্ন জাতের গাছের চারা বিতরণ করা হয়।

আরো পড়ুন

কুয়াকাটায় পর্যটন কার্নিভাল উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

আসাদুজ্জামান মিরাজ, কুয়াকাটা : আগামী ২৩ ও ২৪ অক্টোবর অনুষ্ঠিতব্য ‘কুয়াকাটা পর্যটন কার্নিভাল ২০২৬’ সফলভাবে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *