মোশাররফ মুন্না
বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলার নয়াখালী গ্রামে কালিতলা বাজার থেকে মাঠখোলা যাওয়ার পথে আলফাতুন্নেসা স্কুলের সামনে রাস্তার মাঝখানে দুটি বিদ্যুতের খুঁটি এখনো দাঁড়িয়ে রয়েছে। এ নিয়ে স্থানীয় বাসিন্দাদের মধ্যে উদ্বেগ ও উৎকণ্ঠা দেখা দিয়েছে।
জানা গেছে, দাদপুর-উলানিয়া সড়কের উন্নয়নকাজ বর্তমানে চলমান রয়েছে। তবে রাস্তার মাঝখানে থাকা বিদ্যুতের খুঁটি দুটি এখনো স্থানান্তর করা হয়নি। স্থানীয়দের আশঙ্কা, সড়কের ঢালাই বা পিচের কাজ সম্পন্ন হয়ে গেলে পরবর্তীতে খুঁটি সরানো আরও জটিল ও ব্যয়বহুল হয়ে পড়তে পারে।
এলাকাবাসীর মতে, নির্মাণকাজ শেষ হওয়ার পরও যদি খুঁটি দুটি রাস্তার মাঝখানে থেকে যায়, তাহলে তা যানবাহন চলাচল এবং পথচারীদের জন্য মারাত্মক ঝুঁকির কারণ হতে পারে। বিশেষ করে রাতের বেলা বা প্রতিকূল আবহাওয়ায় দুর্ঘটনার আশঙ্কা আরও বেড়ে যাবে।
স্থানীয়রা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে বলেন, জননিরাপত্তার স্বার্থে সড়ক নির্মাণকাজ সম্পন্ন হওয়ার আগেই বিদ্যুতের খুঁটি দুটি নিরাপদ স্থানে স্থানান্তরের উদ্যোগ নেওয়া জরুরি। অন্যথায় ভবিষ্যতে যে কোনো সময় অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা ঘটতে পারে।
এ বিষয়ে এলাকাবাসী দ্রুত ব্যবস্থা গ্রহণের জন্য বিদ্যুৎ বিভাগ, সড়ক নির্মাণ কর্তৃপক্ষ এবং সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।