বৃহস্পতিবার, আগস্ট ৬, ২০২৬

তালতলীতে তামাক নিয়ন্ত্রণে সিভিল সোসাইটি অ্যাকশন কমিটির সভা

নিজস্ব প্রতিবেদক,

তালতলী (বরগুনা): বরগুনার তালতলীতে তামাক নিয়ন্ত্রণে সুশীল সমাজের ভূমিকা জোরদার এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সিভিল সোসাইটি অ্যাকশন কমিটির বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। গ্রামবাংলা উন্নয়ন কমিটি ও আগামী (অ্যাকশন ফর গ্রিন অ্যাডাপটেশন, মিটিগেশন অ্যান্ড ইনিশিয়েটিভস)-এর যৌথ উদ্যোগে ‘বাংলাদেশে টেকসই ও স্বাস্থ্যকর শহরের জন্য তামাক নিয়ন্ত্রণ’ শীর্ষক প্রকল্পের আওতায় এ সভার আয়োজন করা হয়।

সভায় তামাক ও তামাকজাত পণ্যের ক্ষতিকর প্রভাব, তামাকের ব্যবহার নিয়ন্ত্রণ, জনসচেতনতা বৃদ্ধি এবং বিদ্যমান তামাক নিয়ন্ত্রণ আইন কার্যকরভাবে বাস্তবায়নে স্থানীয় পর্যায়ে করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
বক্তারা বলেন, তামাকের ব্যবহার শুধু ব্যক্তির স্বাস্থ্যের জন্য ক্ষতিকর নয়, এর বিরূপ প্রভাব পরিবার, সমাজ ও পরিবেশের ওপরও পড়ে। বিশেষ করে শিশু, কিশোর ও তরুণদের তামাকের আসক্তি থেকে দূরে রাখতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সামাজিক পর্যায়ে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি কার্যকর উদ্যোগ প্রয়োজন।
সভায় জনসমাগমস্থল ও পাবলিক প্লেসে ধূমপান নিয়ন্ত্রণে বিদ্যমান আইন যথাযথভাবে প্রয়োগের ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি তামাকজাত পণ্যের ব্যবহার নিরুৎসাহিত করতে স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, স্বাস্থ্যকর্মী এবং সামাজিক ও ধর্মীয় নেতৃবৃন্দকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

আলোচনায় বক্তারা আরও বলেন, তামাক নিয়ন্ত্রণকে শুধু স্বাস্থ্যগত বিষয় হিসেবে দেখলে হবে না। এটি জনস্বাস্থ্য, পরিবেশ ও সামগ্রিক সামাজিক উন্নয়নের সঙ্গে সম্পৃক্ত। তাই তামাকের ব্যবহার কমাতে সরকারি উদ্যোগের পাশাপাশি সুশীল সমাজের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ।
আয়োজকরা বলেন, একটি টেকসই ও স্বাস্থ্যকর সমাজ গড়ে তুলতে হলে স্থানীয় পর্যায় থেকেই তামাক নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নিতে হবে। জনসচেতনতা বৃদ্ধি, তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে সহযোগিতা এবং সংশ্লিষ্ট অংশীজনদের মধ্যে সমন্বয় জোরদারের মাধ্যমে এ কার্যক্রমকে আরও কার্যকর করা সম্ভব।
সভা শেষে তালতলী উপজেলায় তামাক নিয়ন্ত্রণে ধারাবাহিক জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা, আইন বাস্তবায়নে সহযোগিতা এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণ নিশ্চিত করার মাধ্যমে সমন্বিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন উপস্থিত সুশীল সমাজের প্রতিনিধিরা।

আরো পড়ুন

পিরোজপুরে মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচিতে পিরোজপুর জেলা পরিষদ প্রশাসক

জাকির ফরাজীঃ পিরোজপুর জেলা পরিষদের আয়োজনে এবং স্থানীয় যুবসমাজের উদ্যোগে মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *