বুধবার, আগস্ট ১২, ২০২৬

বাকেরগঞ্জে বোমা বিস্ফোরণে দগ্ধ হনুফার মৃত্যু

আতাউর রহমান রোমান : বরিশালের বাকেরগঞ্জে বোমা বিস্ফোরণের ঘটনায় গুরুতর দগ্ধ হনুফা বেগম (৫০) ৯ দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে মারা গেছেন। বুধবার (১২ আগস্ট) বিকেল ৪টার দিকে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তার মৃত্যুর খবরে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

বরিশাল জেলা প্রশাসক মামুন খন্দকার জানান, নিহত হনুফা বেগমের জামাতা সুজনের মাধ্যমে তারা তার মৃত্যুর বিষয়টি জানতে পেরেছেন। গত ৩ আগস্ট সোমবার সকাল ৬টার দিকে বাকেরগঞ্জ উপজেলার ভরপাশা ইউনিয়নের দুধলমৌ গ্রামের শাহ আলম হাওলাদারের বাড়িতে বিকট শব্দে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে শাহ আলম হাওলাদারের স্ত্রী হনুফা বেগম, মেয়ে ইতি ও পঞ্চম শ্রেণির শিক্ষার্থী নাতি ফাহিম অগ্নিদগ্ধ হয়ে গুরুতর আহত হয়।

বিস্ফোরণের পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে তাদের শারীরিক অবস্থার অবনতি হলে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য জেলা ও বিভাগীয় প্রশাসনের উদ্যোগে তাদের ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়।

চিকিৎসাধীন অবস্থায় হনুফা বেগমের মেয়ে ইতি ও নাতি ফাহিম সুস্থ হয়ে উঠলেও হনুফা বেগমের অবস্থা আশঙ্কাজনক ছিল। শেষ পর্যন্ত বুধবার বিকেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

জেলা প্রশাসক মামুন খন্দকার বলেন, আহতদের চিকিৎসার ব্যয় জেলা ও বিভাগীয় প্রশাসন বহন করবে। পাশাপাশি নিহত হনুফা বেগমের মরদেহ বরিশালে ফিরিয়ে আনার যাবতীয় খরচও প্রশাসনের পক্ষ থেকে বহন করা হবে।

বরিশাল বিভাগীয় কমিশনার খলিল আহমেদ বলেন, হনুফা বেগমের মৃত্যুর খবরে তারা মর্মাহত। আহতদের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় দ্রুত উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানোর ব্যবস্থা করা হয়েছিল। ইতি ও ফাহিম সুস্থ হয়ে উঠলেও হনুফা বেগমকে আর বাঁচানো সম্ভব হয়নি। আহতদের চিকিৎসার ব্যয়ভার প্রশাসন বহন করবে বলেও জানান তিনি।

উল্লেখ্য, গত ৩ আগস্ট সকালে ভরপাশা ইউনিয়নের দুধলমৌ গ্রামের শাহ আলম হাওলাদারের বাড়িতে বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণের কারণ ও এর সঙ্গে সংশ্লিষ্ট বিষয় নিয়ে তদন্ত চলছে বলে জানা গেছে।

আরো পড়ুন

বরিশাল আদালত চত্বরে ককটেল বিস্ফোরণ, আতঙ্কে বিচারপ্রার্থী

স্টাফ রিপোর্টার : বরিশাল আদালত চত্বরে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বুধবার (১২ আগস্ট) সকাল ১০টা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *