শুক্রবার, আগস্ট ১৪, ২০২৬

বরিশালে নিষিদ্ধ মহিলা লীগের দোয়া মাহফিলের ভিডিও ভাইরাল

নিজস্ব প্রতিবেদক : বরিশালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অঙ্গসংগঠন মহিলা লীগের নেতাকর্মীদের ১৫ আগস্ট উপলক্ষে দোয়া মাহফিল আয়োজনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে কয়েকজন নারীকে দোয়া ও মোনাজাতে অংশ নিতে দেখা গেছে।

জানা গেছে, বরিশাল নগরীর ৩ নম্বর ওয়ার্ডের একটি অজ্ঞাত স্থানে ওই দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে বরিশাল মহানগর মহিলা লীগের কয়েকজন নেত্রীসহ স্থানীয় আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন বলে ভিডিওতে দেখা গেছে।

ভিডিওতে উপস্থিত কয়েকজনের পরিচয় হিসেবে খালেদা, জানু বেগম, মিতু ও নাসিমার নাম উল্লেখ করা হয়েছে। তবে তাদের রাজনৈতিক পরিচয় ও ভিডিওতে উপস্থিতির বিষয়টি স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
দোয়া মাহফিলে ১৫ আগস্ট শেখ মুজিবুর রহমানের পরিবারের নিহত সদস্যদের জন্য দোয়া করা হয় বলে ভিডিওতে দেখা যায়।

একই সঙ্গে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে পুনরায় প্রধানমন্ত্রী করার প্রত্যাশা ব্যক্ত করা হয়। এ ছাড়া বরিশাল সিটি করপোরেশনের সাবেক মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর জন্যও দোয়া করা হয় এবং তিনি যেন আবার বরিশালে ফিরতে পারেন—এমন বক্তব্য দিতে শোনা যায়।

সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা শুরু হয়েছে। নিষিদ্ধ ঘোষিত সংগঠনের কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগের বিষয়ে সংশ্লিষ্টদের বক্তব্য পাওয়া যায়নি।

তবে ভিডিওটির স্থান, ধারণের সময় এবং এতে উপস্থিত ব্যক্তিদের পরিচয় ও রাজনৈতিক সম্পৃক্ততার বিষয়ে সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীর বক্তব্য পাওয়া গেলে তা প্রতিবেদনে যুক্ত করা হবে।

বরিশাল কোতয়ালী মডেল থানার ওসি আল মামুন উল ইসলাম বলেন, বিষয়টি সম্পর্কে খোঁজখবর নেওয়া হচ্ছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটি যাচাই করে দেখা হবে। নিষিদ্ধ ঘোষিত কোনো সংগঠনের নেতাকর্মীরা আইন অমান্য করে কার্যক্রম পরিচালনা করলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

আরো পড়ুন

পিরোজপুরে আল্লামা সাঈদীর তৃতীয় শাহাদাতবার্ষিকী পালিত

জাকির ফরাজী : ‎জুমার নামাজের পর দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *