শনিবার, আগস্ট ১৫, ২০২৬

ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল: রঙ্গশ্রী ছাত্রদল সভাপতি শাওনকে অব্যাহতি

বাকেরগঞ্জ প্রতিনিধি : বরিশালের বাকেরগঞ্জ উপজেলার রঙ্গশ্রী ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মো. শাওন খানকে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। দলীয় নীতি ও আদর্শ পরিপন্থী এবং সংগঠনবিরোধী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগসংবলিত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তাকে এ অব্যাহতি দেওয়া হয়।
শনিবার (১৫ আগস্ট) বাকেরগঞ্জ উপজেলা ছাত্রদলের প্যাডে প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, “দলীয় নীতি ও আদর্শ পরিপন্থী এবং সংগঠনবিরোধী কার্যকলাপে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগের ভিডিওতে” বাকেরগঞ্জ উপজেলা শাখার আওতাধীন ১২ নম্বর রঙ্গশ্রী ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মো. শাওন খানকে দলীয় পদ থেকে অব্যাহতি প্রদান করা হলো।
প্রেস বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেছেন বাকেরগঞ্জ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নেয়ামুল হক নাহিদ এবং সদস্য সচিব মো. রাকিব তালুকদার।
এর আগে শাওন খানের ‘ইয়াবা সেবনেরথ একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। প্রায় ১৬ সেকেন্ডের ওই ভিডিওতে একটি কক্ষে বসে থাকা এক যুবকের হাতে ছোট একটি বস্তু ও পাতলা নলসদৃশ উপকরণ দেখা যায়। একপর্যায়ে তাকে ওই উপকরণের মাধ্যমে ধোঁয়া টানতে দেখা যায়। ভিডিওটি শাওন খানের বলে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন পোস্টে দাবি করা হয়।
ভিডিওটি নিয়ে স্থানীয়ভাবে আলোচনা-সমালোচনা শুরু হলে বিষয়টি নজরে আসে উপজেলা ছাত্রদল নেতাদের। এর আগে বাকেরগঞ্জ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নেয়ামুল হক নাহিদ জানিয়েছিলেন, রঙ্গশ্রী ইউনিয়ন ছাত্রদলের সভাপতির বিরুদ্ধে মাদক সেবনের একটি ভিডিও তারা পেয়েছেন এবং যাচাই-বাছাই শেষে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
অব্যাহতির বিষয়ে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নেয়ামুল হক নাহিদ বলেন, “দলীয় নীতি ও আদর্শ পরিপন্থী এবং সংগঠনবিরোধী কার্যকলাপের অভিযোগসংবলিত ভিডিওর বিষয়টি বিবেচনায় নিয়ে তাকে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।”
তবে শাওন খানের বিরুদ্ধে ছড়িয়ে পড়া ভিডিওটির বিষয়ে তার বক্তব্য জানা যায়নি। তার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাৎক্ষণিকভাবে তাকে পাওয়া যায়নি।

 

আরো পড়ুন

দুর্ঘটনায় আহত সাংবাদিক তুহিনের পাশে রহমাতুল্লাহ

নিজেস্ব প্রতিনিধিঃ সড়ক দুর্ঘটনায় দুই হাতে গুরুতর আহত হয়ে ঢাকায় চিকিৎসাধীন মোহনা টেলিভিশনের রিপোর্টার এবং …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *