বুলবুল আহমেদ, রাজাপুর প্রতিনিধি: ঝালকাঠির রাজাপুরে ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ ও থ্যালাসেমিয়ায় আক্রান্ত ১০ জন অসহায় রোগীর মধ্যে ৫ লাখ টাকার চিকিৎসা সহায়তার চেক বিতরণ করা হয়েছে।
রোববার সকাল সাড়ে ৯টায় উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে রোগীদের হাতে চেক তুলে দেন ঝালকাঠি-১ (রাজাপুর-কাঠালিয়া) আসনের সংসদ সদস্য মো. রফিকুল ইসলাম জামাল।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আরা মৌরির সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. মোজাম্মেল হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. শফিউল বাসার, রাজাপুর থানার ওসি (তদন্ত) মো. ফিরোজ কামাল, উপজেলা বিএনপির সহসভাপতি আব্দুল হক নান্টু, উপজেলা যুবদলের আহ্বায়ক মো. মাসুম বিল্লাহ পারভেজ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বাবু রতন দেবনাথ ও উপজেলা জিয়ামঞ্চের আহ্বায়ক মো. রফিকুল ইসলাম খোকনসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
অনুষ্ঠানে ১০ জন দুস্থ ও অসহায় রোগীর প্রত্যেককে ৫০ হাজার টাকা করে মোট ৫ লাখ টাকার এককালীন চিকিৎসা সহায়তার চেক দেওয়া হয়।
উপজেলা সমাজসেবা কার্যালয় সূত্রে জানা যায়, জটিল রোগে আক্রান্ত অসহায় রোগীদের চিকিৎসা ব্যয়ে সহায়তা করতেই এ অর্থ দেওয়া হয়েছে।
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।