ববি প্রতিনিধি: বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) ‘অদম্য জুলাই’ র্যালিতে হামলার নিরপেক্ষ তদন্ত, জড়িতদের বিচার, প্রশাসনিক জবাবদিহিতা নিশ্চিত করা এবং ক্যাম্পাসে নিরাপদ ও গণতান্ত্রিক পরিবেশ প্রতিষ্ঠার দাবিতে উপাচার্য বরাবর স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের বরিশাল বিশ্ববিদ্যালয় শাখা।
সোমবার (১৭ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে এ স্মারকলিপি দেন শাখা ছাত্রশিবিরের নেতৃবৃন্দ।
স্মারকলিপিতে বলা হয়, গত ৫ আগস্ট বিশ্ববিদ্যালয়ের ৩ নম্বর গেটের সামনে জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত ‘অদম্য জুলাই’ র্যালিতে হামলার ঘটনা ঘটে। ছাত্রশিবিরের দাবি, জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীরা র্যালিতে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের ওপর পরিকল্পিতভাবে হামলা চালায়। এতে ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ ১৫ জনের বেশি শিক্ষার্থী আহত হয়েছেন বলে দাবি সংগঠনটির।
এ ঘটনায় ক্যাম্পাসে শিক্ষার্থীদের নিরাপত্তা, মতপ্রকাশের স্বাধীনতা ও শান্তিপূর্ণ সহাবস্থানের পরিবেশ বিঘ্নিত হয়েছে বলেও স্মারকলিপিতে উল্লেখ করা হয়।
ছাত্রশিবিরের অভিযোগ, হামলার সময় ও পরবর্তীতে পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে দৃশ্যমান ও কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। প্রশাসনের এমন ভূমিকা শিক্ষার্থীদের মধ্যে উদ্বেগ ও আস্থাহীনতা তৈরি করেছে বলেও দাবি করা হয়।
স্মারকলিপিতে ক্যাম্পাসে সহিংসতা, সন্ত্রাস ও ভিন্নমত দমনের কোনো সুযোগ না রাখার পাশাপাশি জবাবদিহিতা, পারস্পরিক সহনশীলতা ও নিরাপদ শিক্ষার পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানানো হয়।
এ সময় ছাত্রশিবির পাঁচ দফা দাবি তুলে ধরে। দাবিগুলোর মধ্যে রয়েছে—হামলায় জড়িতদের নিরপেক্ষ তদন্তের মাধ্যমে শনাক্ত করে আইনের আওতায় আনা ও দোষী প্রমাণিত শিক্ষার্থীদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ী সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা; স্বাধীন, নিরপেক্ষ ও সময়সীমাবদ্ধ তদন্ত কমিটি গঠন এবং তদন্ত প্রতিবেদন প্রকাশ; আহত শিক্ষার্থীদের একাডেমিক সহায়তা ও নিরাপত্তা নিশ্চিত করা; ক্যাম্পাসে শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীদের নিরাপত্তায় কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং হামলার সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িতদের শনাক্ত করে আইন ও বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ী দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া।
স্মারকলিপিতে আরও বলা হয়, বিশ্ববিদ্যালয় প্রশাসন দ্রুত ও কার্যকর ব্যবস্থা নিয়ে ক্যাম্পাসে আইনের শাসন, জবাবদিহিতা ও গণতান্ত্রিক পরিবেশ পুনঃপ্রতিষ্ঠা করবে বলে তারা আশা করছেন। অন্যথায় প্রশাসনের নিষ্ক্রিয়তা শিক্ষার্থীদের কাছে দায়িত্ব পালনে ব্যর্থতা হিসেবে প্রতীয়মান হবে এবং উদ্ভূত পরিস্থিতির দায়ভার প্রশাসনকেই বহন করতে হবে বলে উল্লেখ করা হয়।
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।