শনিবার, অক্টোবর ৩, ২০২৬

পিরোজপুরে চাঞ্চল্যকর ডাকাতি মামলার পলাতক আসামি আতিকুর রহমানকে রাজশাহীতে র‌্যাব ৮ কর্তৃক গ্রেপ্তার

জাকির ফরাজীঃ পিরোজপুর সদর উপজেলার পশ্চিম দুর্গাপুরে পরিবারের সদস্যদের জিম্মি করে ৫ লাখ ২৬ হাজার টাকা লুটের ঘটনায় দায়ের করা চাঞ্চল্যকর ডাকাতি মামলার দীর্ঘদিনের পলাতক আসামি রায়হান ওরফে আতিকুর রহমানকে গ্রেপ্তার করেছে র‌্যাব।
‎
‎মঙ্গলবার (১৮ আগস্ট) রাতে রাজশাহী মহানগরীর মতিহার থানার মেহেরচন্ডী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে র‌্যাব-৮ বরিশাল ও র‌্যাব-৫ রাজশাহীর একটি যৌথ দল।
‎
‎গ্রেপ্তার রায়হান ওরফে আতিকুর রহমান খুলনা সিটি করপোরেশন এলাকার বাসিন্দা আমির হোসেনের ছেলে। র‌্যাবের দাবি, তিনি পিরোজপুর সদর থানায় দায়ের হওয়া ওই ডাকাতি মামলার অন্যতম আসামি এবং দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন।
‎
‎র‌্যাব-৮-এর প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৩ নভেম্বর ২০২৫ রাত আনুমানিক দেড়টার দিকে পিরোজপুর সদর উপজেলার পশ্চিম দুর্গাপুর গ্রামের বাসিন্দা অনুকূল চন্দ্র রায়ের বাড়িতে ৬-৭ জনের একটি ডাকাত দল প্রবেশ করে। এ সময় ডাকাতরা দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে পরিবারের সদস্যদের জিম্মি করে। পরে তারা বাড়ি থেকে নগদ ৫ লাখ ২৬ হাজার টাকা লুট করে নিয়ে যায়।
‎
‎ঘটনার পর ভুক্তভোগী অনুকূল চন্দ্র রায় পিরোজপুর সদর থানায় একটি ডাকাতি মামলা করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা আসামিদের গ্রেপ্তারে র‌্যাব-৮-এর অধিনায়কের কাছে অধিযাচনপত্র পাঠান।
‎
‎এর পরিপ্রেক্ষিতে র‌্যাব-৮ বরিশাল গোয়েন্দা নজরদারি ও তথ্যপ্রযুক্তির সহায়তায় আসামির অবস্থান শনাক্তের চেষ্টা চালায়। একপর্যায়ে র‌্যাব-৮ ও র‌্যাব-৫-এর যৌথ অভিযানে রাজশাহী মহানগরীর মতিহার থানার মেহেরচন্ডী এলাকা থেকে রায়হান ওরফে আতিকুর রহমানকে গ্রেপ্তার করা হয়।
‎
‎র‌্যাব জানিয়েছে, গ্রেপ্তার আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য রাজশাহী মহানগরীর মতিহার থানায় হস্তান্তর করা হয়েছে

আরো পড়ুন

কলাপাড়ায় ব্যবসায়ীদের হয়রানি না করার আহ্বান এমপি মোশাররফের

মাহতাব হাওলাদার, মহিপুর : পটুয়াখালীর কলাপাড়ায় ব্যবসা-বাণিজ্যের পরিবেশ স্বস্তিদায়ক রাখতে ব্যবসায়ীদের সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *