মহিব্বুল্যাহ ইলিয়াছ মনপুরা প্রতিনিধি: ভোলার মনপুরায় মাদ্রাসাপড়ুয়া ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার পলাতক প্রধান আসামি মো. সুমনকে (২৭) নাটোর থেকে গ্রেফতার করেছে র্যাব।
বুধবার (১৯ আগস্ট) সন্ধ্যায় নাটোর জেলার গুরুদাসপুর থানার নয়াবাজার এলাকায় যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার সুমন মনপুরা উপজেলার মনপুরা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ঈশ্বরগঞ্জ গ্রামের বাসিন্দা মোস্তফার ছেলে।
র্যাব-৮ ভোলা ক্যাম্পের কমান্ডার মোখলেছুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৮ ভোলা ক্যাম্প, র্যাব-৫ ও সিপিসি-২ এর সদস্যরা যৌথ অভিযান চালিয়ে সুমনকে গ্রেফতার করেন। পরে তাকে নাটোরের বড়াইগ্রাম থানায় হস্তান্তর করা হয়।
শনিবার (২২ আগস্ট) সকালে মনপুরা থানা পুলিশের একটি দল নাটোর থেকে গ্রেফতার সুমনকে মনপুরায় নিয়ে আসে। পরে দুপুর ১১টার দিকে তাকে আদালতে সোপর্দ করা হয়।
মনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, ধর্ষণ মামলার প্রধান আসামি সুমনকে নাটোর থেকে গ্রেফতারের পর শনিবার সকালে মনপুরায় আনা হয়। পরে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
মামলা সূত্রে জানা যায়, গত ৬ আগস্ট রাত ৮টার দিকে রান্না করা তরকারি গরম করার জন্য শুকনো নারকেল পাতা আনতে ষষ্ঠ শ্রেণির ওই মাদ্রাসাছাত্রীকে বাড়ির পেছনে পাঠানো হয়। অভিযোগ, এ সময় পাশের বাড়ির যুবক সুমন ওই ছাত্রীর মুখ চেপে ধরে জোরপূর্বক তাদের বাড়ির রান্নাঘরে নিয়ে ধর্ষণ করেন।
পরে ওই ছাত্রী বিষয়টি তার এক বান্ধবীকে জানায়। বান্ধবী ঘটনাটি তার মাকে জানালে বিষয়টি পরিবারের সদস্যদের নজরে আসে। ঘটনার ছয় দিন পর গত ১৩ আগস্ট ভুক্তভোগী ছাত্রীর মা বাদী হয়ে সুমনকে আসামি করে মনপুরা থানায় মামলা করেন।
মামলা দায়েরের পর থেকেই সুমন পলাতক ছিলেন। পরে গোপন সংবাদের ভিত্তিতে নাটোর থেকে তাকে গ্রেফতার করে র্যাব।
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।