বুধবার, অক্টোবর ৭, ২০২৬

অনুমতি নেই, তবু ব্রিজের লোহা খুললেন স্বেচ্ছাসেবক দলের নেতা

বুলবুল আহমেদ, রাজাপুর প্রতিনিধি: ঝালকাঠির রাজাপুরে দাপ্তরিক অনুমতি ছাড়াই জনগুরুত্বপূর্ণ একটি আয়রন ব্রিজের বীমসহ লোহার মালামাল খুলে নেওয়ার অভিযোগ উঠেছে স্বেচ্ছাসেবক দলের এক নেতার বিরুদ্ধে। এতে কয়েক গ্রামের স্কুল-কলেজ-মাদ্রাসার শিক্ষার্থীসহ অসুস্থ ও বয়স্ক মানুষ চরম ভোগান্তিতে পড়েছেন।
উপজেলার সাতুরিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের উত্তর তারাবুনিয়া এলাকায় এদবর খালের ওপর নির্মিত ব্রিজে এ ঘটনা ঘটে। অভিযুক্ত মো. মামুন আকন সাতুরিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক।
স্থানীয় বাসিন্দা মো. জয়নাল ব্যাপারী বলেন, ব্রিজটি পুরোনো হয়ে বিভিন্ন স্থানে ক্ষতিগ্রস্ত হলেও এটিই ছিল কয়েক গ্রামের মানুষের চলাচলের প্রধান পথ। কোনো বিকল্প ব্যবস্থা না করে ব্রিজের মালামাল খুলে নেওয়ায় শিক্ষার্থীসহ সাধারণ মানুষ চরম দুর্ভোগে পড়েছেন।
স্থানীয় মো. তোফাজ্জেল হাওলাদার বলেন, ব্রিজের মালামাল খোলার সময় স্থানীয়রা বাধা দেন। পরে এলজিইডির লোকজন ঘটনাস্থলে গিয়ে মালামালের তালিকা করে সেগুলো স্থানীয় গ্রাম পুলিশের জিম্মায় দেন।
অভিযোগ অস্বীকার করে মামুন আকন বলেন, ‘পরিষদে জমা দেওয়ার জন্য মালামাল খোলা হয়েছে। চেয়ারম্যান ও সংরক্ষিত নারী ইউপি সদস্যের অনুমতি নিয়েই তা করা হয়েছে।’
তবে সাতুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ মাইনুল হায়দার নিপু বলেন, ‘আমি কাউকে ব্রিজের মালামাল খুলে নেওয়ার অনুমতি দিইনি। বিকল্প ব্যবস্থা না করে মালামাল নেওয়ার কোনো সুযোগ নেই।’
উপজেলা প্রকৌশলী এস এম জিয়াউল হক বলেন, ‘এভাবে সরকারি ব্রিজের মালামাল খোলার কোনো বিধান নেই। খবর পেয়ে লোক পাঠিয়ে মালামাল জব্দ করা হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

আরো পড়ুন

উজিরপুরে চার প্রতিষ্ঠানকে ৪৬ হাজার টাকা জরিমানা

উজিরপুর প্রতিনিধি : বরিশালের উজিরপুর উপজেলার ধামুরা বন্দরে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাদ্যপণ্য রাখা, মূল্যতালিকা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *